দ্য কন্টিনেন্টাল হেরাল্ড ডেস্ক | ২৪ মে ২০২৫
ইসরায়েলি বাহিনীর টানা বিমান ও স্থল হামলায় শুক্রবার সকাল থেকে আজ অবধি গাজা উপত্যকায় অন্তত ৭৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আল জাজিরার বরাতে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর একটি ঘটেছে জাবালিয়া শরণার্থী শিবিরে, যেখানে একটি পরিবারের বাড়িতে বোমা বর্ষণের ফলে অন্তত ৫০ জন নিহত বা নিখোঁজ হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা আল জাজিরাকে জানান, “ইসরায়েলি সেনাবাহিনী যেন বিনা কারণে বেসামরিক মানুষকে হত্যা করছে, যেন এটা তাদের বিনোদনের অংশ।”
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এই সংকটকে আখ্যা দিয়েছেন, “এই নিষ্ঠুর সংঘাতের সবচেয়ে নিষ্ঠুর পর্ব” হিসেবে। তিনি বলেন, “গাজাবাসীরা না খেয়ে মরছে, আর ইসরায়েল যেন শুধুমাত্র চামচভর্তি ত্রাণ ঢুকতে দিচ্ছে। উত্তর গাজায় এখনও কোনো ত্রাণ পৌঁছায়নি।”
গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৫৩,৮২২ ছাড়িয়ে গেছে এবং আহত হয়েছেন ১,২২,৩৮২ জন। তবে গাজার গভর্নমেন্ট মিডিয়া অফিস জানায়, বাস্তবে নিহতের সংখ্যা ৬১,৭০০ ছাড়িয়েছে, কারণ ধ্বংসস্তূপের নিচে আরও হাজারো মানুষ চাপা পড়ে আছেন এবং তারা মৃত বলে অনুমান করা হচ্ছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস পরিচালিত হামলায় ইসরায়েলে ১,১৩৯ জন নিহত হন এবং ২০০-এর বেশি মানুষ বন্দি হন।
দ্য কন্টিনেন্টাল হেরাল্ড নিউজ ডেস্ক