হোম / বাংলাদেশ / অপরাধ ও আইন / ইভটিজিংয়ের প্রতিবাদ করায় কলেজছাত্রীকে নির্মম মারধর ছাত্রদল নেতার
protesting-harassment-leads-to-assault-on-college-girl

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় কলেজছাত্রীকে নির্মম মারধর ছাত্রদল নেতার

নগরকান্দা, ফরিদপুর | দি কন্টিনেন্টাল হেরাল্ড ডেস্ক

 

ফরিদপুরের নগরকান্দায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় এক কলেজছাত্রীকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে। ভুক্তভোগী বৈশাখী আক্তার (১৭) থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে অভিযোগ করেছেন, তার ছোট বোন চৈতি আক্তারকে যৌন হয়রানির প্রতিবাদ করায় এই হামলার শিকার হয়েছেন তিনি।

 

ঘটনার সূত্রপাত হয় স্থানীয় ফুলসুতি আব্দুল আলেম চৌধুরী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী চৈতির বিদ্যালয়ে যাওয়া-আসার পথে দীর্ঘদিন ধরে শরীফ বেপারী (২১) নামে এক যুবক এবং তার সহযোগীদের কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি ও মন্তব্য করা নিয়ে। বিষয়টি স্থানীয় গণ্যমান্যদের মাধ্যমে নিষেধ করলেও তারা কর্ণপাত করেননি।

 

চৈতির পরিবার জানায়, ২৯ মে বিকেল ৫টার দিকে শরীফ পুনরায় তাকে রাস্তায় ইভটিজিং করলে চৈতি ভয়ে বাড়িতে ফিরে এসে বড় বোন বৈশাখীকে বিষয়টি জানায়। এরপর বৈশাখী থানায় অভিযোগ করেন।

 

পরদিন ৩০ মে বিকেল ৫টার দিকে উপজেলার ভাবুকদিয়া গ্রামে নিজ বাড়ির পাশে রাস্তায় ফেলে বৈশাখীকে মারধর করা হয়। বৈশাখীর অভিযোগ, ছাত্রদল ও বিএনপি সংশ্লিষ্ট কয়েকজন তার চুল ধরে টেনে ও লাথি মেরে শারীরিকভাবে লাঞ্ছিত করে। হামলার পর বৈশাখী তার ফেসবুক আইডি ‘বৈশাখী ইসলাম বর্ষা’ থেকে লাইভে এসে ঘটনার বিস্তারিত তুলে ধরেন। সেখানে তিনি বলেন, “আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন কর্মী। সম্প্রতি একটি ইভটিজিংয়ের ঘটনাকে ঘিরে আমি প্রতিবাদ করায় বিএনপির লোকজন আমাকে পিটিয়েছে। আমার বাবাকেও খুঁজছে তারা।”

 

স্থানীয় সূত্র বলছে, বৈশাখীর বোনকে যৌন হয়রানির ঘটনায় এলাকায় শালিস হওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই থানায় অভিযোগ করেন বৈশাখী। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত যুবকের রাজনৈতিক ঘরানার পরিবার হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

 

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

সংবাদটি দি কন্টিনেন্টাল হেরাল্ড-এর পক্ষ থেকে সরেজমিন তথ্য যাচাই করে প্রকাশিত হয়েছে।

Share
Scroll to Top