হোম / বাংলাদেশ / অপরাধ ও আইন / ভোলায় বিএনপির দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ওয়ার্ড সভাপতির হাতের কবজি কর্তন
bhola-bnp-clash-ward-president-hand-severed

ভোলায় বিএনপির দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ওয়ার্ড সভাপতির হাতের কবজি কর্তন

The Continental Herald Desk Report | June 16, 2025

 

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বিএনপির অভ্যন্তরীণ কোন্দল রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। রোববার (১ জুন) দুপুরে দেউলা ইউনিয়নের মজমবাজার এলাকায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে বিএনপির ৪ নম্বর ওয়ার্ড সভাপতি আনিসুর রহমানের বাঁ হাতের কবজি প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়।

 

আনিসুর রহমানকে গুরুতর আহত অবস্থায় বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নিরুপম সরকার জানিয়েছেন, “তাঁর কবজি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়নি। উন্নত চিকিৎসার জন্য বরিশালে রেফার করা হয়েছে।”

 

অভ্যন্তরীণ বিরোধ থেকেই সংঘর্ষ

 

দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি দেউলা ইউনিয়ন বিএনপির নতুন কমিটি গঠিত হয়, যেখানে আমির হোসেন ব্যাপারী সভাপতি এবং জাবেদ ইকবাল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কিন্তু কমিটি গঠনের পূর্ব থেকেই উভয় নেতার মধ্যে দ্বন্দ্ব চলছিল। নতুন দায়িত্ব পাওয়ার পর সেই দ্বন্দ্ব আরও বাড়ে এবং শেষ পর্যন্ত রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।

 

প্রতিপক্ষের ওপর হামলার অভিযোগ

 

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল অভিযোগ করে বলেন, “দলের দায়িত্ব নেওয়ার পর থেকে আমি অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছি। এজন্য সভাপতি ও তাঁর অনুসারীরা আমার ওপর ক্ষিপ্ত ছিলেন। আজ দুপুরে ইউনিয়ন পরিষদ থেকে বের হওয়ার সময় আমির ব্যাপারী ও তাঁর লোকজন আমার ওপর হামলা চালায়। এ সময় আনিসুর রহমান আমাকে রক্ষা করতে গেলে তাঁর ওপর কুপিয়ে হামলা চালানো হয়।”

 

তিনি আরও জানান, সংঘর্ষে তাঁর সঙ্গে থাকা আরও অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

 

প্রশাসনের অবস্থান

 

ঘটনার বিষয়ে অভিযুক্ত আমির হোসেন ব্যাপারীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। এদিকে, বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছিদ্দিকুর রহমান জানান, “সংঘর্ষের একটি ঘটনা শুনেছি। তবে এখনো কেউ কোনো লিখিত অভিযোগ করেনি।”

 

এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে পুলিশ এখনও পর্যন্ত কোনো পদক্ষেপের কথা জানায়নি।

Share
Scroll to Top