দ্য কনটিনেন্টাল হেরাল্ড ডেস্ক রিপোর্ট | ২০ জুলাই ২০২৫
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু খাদ্যে বিষক্রিয়ার ফলে অন্ত্রের প্রদাহে আক্রান্ত হয়েছেন। শনিবার রাতে অসুস্থ হয়ে পড়ার পর রোববার (২০ জুলাই) তার দফতর থেকে জানানো হয়, তিনি বর্তমানে ডিহাইড্রেশন ও অন্ত্রের প্রদাহে ভুগছেন এবং তাকে ইনট্রাভেনাস ফ্লুইড (সালাইন) দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
৭৫ বছর বয়সী নেতানিয়াহুর স্বাস্থ্যের অবনতির কারণে আগামী তিনদিন তিনি বাসা থেকেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তিনি সম্পূর্ণ বিশ্রামে থাকবেন।
স্থানীয় গণমাধ্যম চ্যানেল ১২-এর খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী আজকের কেনেসেট (ইসরায়েলি পার্লামেন্ট) অধিবেশনে উপস্থিত থাকবেন না। এছাড়া সোমবার তার তেলআবিব জেলা আদালতে নির্ধারিত দুর্নীতি মামলার শুনানিতেও অংশ নেওয়ার সম্ভাবনা নেই।
উল্লেখ্য, নেতানিয়াহু ২০২৩ সালে পেসমেকার স্থাপন করেছিলেন এবং একই বছরের ডিসেম্বরে প্রস্রাবনালীর সংক্রমণের কারণে তার প্রস্টেট অপসারণ করা হয়।
নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিচার চলছে ২০২০ সালের ২৪ মে থেকে। তিনি ইসরায়েলের ইতিহাসে প্রথম প্রধানমন্ত্রী যিনি ক্ষমতায় থাকাকালীন আদালতে একজন অপরাধপ্রবণ আসামি হিসেবে সাক্ষ্য দিচ্ছেন। প্রতি সপ্তাহে তিনি দুইবার আদালতে হাজিরা দেন।
তবে এটি শুধু অভ্যন্তরীণ বিচারেই সীমাবদ্ধ নয়। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ২০২৪ সালের নভেম্বর মাসে গাজায় মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহু এবং তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। গাজায় অক্টোবর ২০২৩ থেকে চলমান অভিযানে এখন পর্যন্ত প্রায় ৫৯,০০০ মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।
নেতানিয়াহুর স্বাস্থ্য পরিস্থিতি ও বিচার প্রক্রিয়ার অগ্রগতির দিকে এখন নজর রাখছে পুরো বিশ্ব।