শেখ হাসিনার প্রেস ব্রিফিংয়ে ভারতের কোনো সংশ্লিষ্টতা নেই, বক্তব্যকে সমর্থনও নেই
আন্তর্জাতিক ডেস্ক | TCH News
প্রকাশিত: ৭ আগস্ট ২০২৬
বাংলাদেশের আপত্তি সত্ত্বেও গত ৫ আগস্ট মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনাকে একটি প্রেস ব্রিফিংয়ে কথা বলতে দেয় ভারত সরকার। এ নিয়ে ঢাকা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানোর দুইদিন পর বিষয়টি নিয়ে মুখ খুলেছে নয়াদিল্লি।
শুক্রবার (৭ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে সাংবাদিকরা এ বিষয়ে প্রশ্ন করেন। জবাবে তিনি প্রথমে দাবি করেন, হাসিনাকে কথা বলার সুযোগ দেওয়ার ক্ষেত্রে ভারত সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই। আর হাসিনা ওইদিন বাংলাদেশ সরকারকে নিয়ে যা যা বলেছেন—সেটিতেও নয়াদিল্লির কোনো সমর্থন নেই।
বেসরকারি আয়োজনে ভারতের সংশ্লিষ্টতা নেই
রণধীর বলেন, ‘একটি বেসরকারি মিডিয়া প্রতিষ্ঠানের আয়োজিত ওই প্রেস ব্রিফিংয়ে ভারত সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই। এতে সরকারের কোনো অবদান নেই। আমি বিষয়টি আবারও পুনর্ব্যক্ত করছি।’
প্রেস ব্রিফিংয়ে হাসিনা ও অন্যান্যদের বক্তব্যের প্রতি ভারতের কোনো সমর্থন নেই উল্লেখ করে তিনি বলেন, ‘ওই প্রেস ব্রিফিংয়ে বলা কোনো কথাকেই সরকার সমর্থন করে না, বিশেষ করে বাংলাদেশের বৈধভাবে গঠিত সরকারের ব্যাপারে দেওয়া কোনো মন্তব্য তো নয়ই।’
সজিব ওয়াজেদের মন্তব্য প্রসঙ্গে
হাসিনাপুত্র সজিব ওয়াজেদ ওইদিন মন্তব্য করেন, ভারতের পূর্ব দিকের অঞ্চল (বাংলাদেশ) এখন পাকিস্তানে পরিণত হচ্ছে এবং সেখানে সন্ত্রাসবাদ বিস্তার লাভ করছে। এ ব্যাপারে রণধীরকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমরা আমাদের একদম পাশের প্রতিবেশীর ওপর গভীর নজর রাখি, বিশেষ করে আমাদের জাতীয় নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলোতে। আর এ ক্ষেত্রে যেসব পদক্ষেপ নিতে হয় আমরা সেগুলো নেই।’
তবে সজিবের মন্তব্যকে ভারত সমর্থন করে কি না—এমন প্রশ্নের সরাসরি উত্তর দেননি তিনি।
The Continental Herald (TCH News) is committed to delivering accurate, timely, and trustworthy news. Stay connected with The Continental Herald for the latest updates from Bangladesh and around the world.