জাতীয় ডেস্ক | TCH News
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬
দেশে গত ছয় মাসে কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেনি বলে জানিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সময়ে মব তৈরির চেষ্টা হলেও রাজনৈতিক নিপীড়নের কোনো ঘটনা ঘটেনি বলেও কমিটির বৈঠকে উল্লেখ করা হয়েছে।
রোববার জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বিতীয় বৈঠকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার সময় এসব তথ্য উঠে আসে।
বৈঠকে বলা হয়, গত ছয় মাসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ করেনি। বিভিন্ন সময়ে মব তৈরির চেষ্টা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে।
এ ছাড়া মিরাজ শেখের অপহরণের দায় সরকারের ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে বলে বৈঠকে আলোচনা হয়। কমিটির সদস্যরা এ ধরনের দোষারোপের রাজনীতি বা ‘ব্লেম গেম’ থেকে বিরত থাকার ওপর গুরুত্ব দেন।
বৈঠকে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ নিয়েও বিস্তারিত আলোচনা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে বিলটি সংসদে পাঠানোর সিদ্ধান্ত নেয় কমিটি। গুম প্রতিরোধ ও এর প্রতিকারের লক্ষ্যে বিলটি প্রণয়ন ও সংসদে উত্থাপনের উদ্যোগ নেওয়ায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ধন্যবাদ জানানো হয়।
এদিকে বৈঠক চলাকালে কমিটির সদস্য মো. নূরুল ইসলাম ও মো. আব্দুল বাতেন ওয়াকআউট করেন।
এ বিষয়ে কমিটির সভাপতি জয়নুল আবেদীন বলেন, কোনো সদস্যের সংশোধনী বা ভিন্নমত থাকলে তা সভায় উপস্থাপন, পরামর্শ দেওয়া কিংবা প্রয়োজন হলে বিরোধিতা করার সুযোগ রয়েছে। তবে সভা থেকে ওয়াকআউট করা সংসদীয় রীতিনীতির মধ্যে পড়ে না বলে তিনি মন্তব্য করেন।
বৈঠকে কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, শিরীন সুলতানা, মো. নূরুল ইসলাম ও মো. আব্দুল বাতেন অংশ নেন।
এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব, পুলিশ মহাপরিদর্শকসহ সংশ্লিষ্ট বিভিন্ন অধিদপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।