হোম / আন্তর্জাতিক / মাসে ১১০ লিটারের বেশি পেট্রোল ব্যবহার করলে বাড়তি দাম দিতে হবে ইরানে
iran-raises-petrol-price-heavy-users-over-110-litres-september-2026

মাসে ১১০ লিটারের বেশি পেট্রোল ব্যবহার করলে বাড়তি দাম দিতে হবে ইরানে

আন্তর্জাতিক ডেস্ক | TCH News
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৬

মাসে ১১০ লিটারের বেশি পেট্রোল ব্যবহারকারীদের জন্য জ্বালানির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইরান সরকার। আগামী মঙ্গলবার থেকে নতুন এই মূল্য কার্যকর হবে। যুদ্ধ পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে সৃষ্ট অর্থনৈতিক চাপ মোকাবিলায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি জানিয়েছেন, সাধারণ গ্রাহকদের জন্য প্রথম ও দ্বিতীয় ধাপের মোট ১১০ লিটার পেট্রোলের দাম অপরিবর্তিত থাকবে। তবে এর বেশি পেট্রোল ব্যবহার করলে প্রতি লিটারের দাম বেড়ে ১ লাখ ইরানি রিয়াল হবে। মুক্তবাজারের বিনিময় হার অনুযায়ী এর মূল্য প্রায় ৪ মার্কিন সেন্ট।

বর্তমান ব্যবস্থায় একজন গাড়িচালক প্রথম ৬০ লিটার পেট্রোল প্রতি লিটার ১৫ হাজার রিয়ালে কিনতে পারেন। এরপর আরও ৫০ লিটার প্রতি লিটার ৩০ হাজার রিয়ালে পাওয়া যায়। অর্থাৎ মাসে ১১০ লিটারের মধ্যে থাকা গ্রাহকদের জন্য বর্তমান মূল্যেই পেট্রোল পাওয়া যাবে।

মোহাজেরানি বলেন, নতুন মূল্য শুধু তাদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে, যাদের মাসিক পেট্রোলের প্রয়োজন ১১০ লিটারের বেশি। দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইরানে পেট্রোলের দাম বিশ্বের অন্যতম কম। জ্বালানির দাম বাড়ানোর বিষয়টি দেশটির সরকারের জন্য দীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে স্পর্শকাতর। ২০১৯ সালে পেট্রোলের দাম বাড়ানোর সিদ্ধান্তের পর দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল। সেই অভিজ্ঞতার কারণে নতুন করে মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েও সরকার সতর্ক অবস্থানে ছিল।

এর আগে গত ডিসেম্বরে জ্বালানির ক্রমবর্ধমান ব্যবহার নিয়ন্ত্রণে ভর্তুকি দেওয়া পেট্রোলের দামে আংশিক পরিবর্তন এনেছিল ওপেক সদস্য দেশটি। এবার যুদ্ধ ও মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে সৃষ্ট চাপের মধ্যে অতিরিক্ত জ্বালানি ব্যবহারকারীদের জন্য দাম আরও বাড়ানো হচ্ছে।

Share
Scroll to Top