জাতীয় ডেস্ক | TCH News
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৬
ইতালিতে দক্ষ ও বৈধ জনশক্তি রপ্তানি বাড়াতে দেশটির সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ। একই সঙ্গে ইতালীয় ভাষা শিক্ষা, কর্মসংস্থান, বাণিজ্য, রেমিট্যান্স ও নগর ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের অংশীদারত্ব বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রোর সৌজন্য সাক্ষাতে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমও উপস্থিত ছিলেন।
এ সময় আবদুল মঈন খান বলেন, বাংলাদেশ ও ইতালির মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এই সম্পর্ককে আরও এগিয়ে নিতে সহযোগিতার নতুন ক্ষেত্র খুঁজে বের করা প্রয়োজন। বিশেষ করে অর্থনৈতিক সম্পর্ক, কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে দুই দেশের একসঙ্গে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে।
ইতালিতে দক্ষ বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ভাষাগত দক্ষতার ওপরও গুরুত্ব দেওয়া হয়। বাংলাদেশে ইতালীয় ভাষার প্রশিক্ষক তৈরি এবং ইতালিতে যেতে আগ্রহী কর্মীদের ভাষা প্রশিক্ষণের সুযোগ বাড়াতে দেশটির সহযোগিতা চাওয়া হয়েছে।
ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো বাংলাদেশের উন্নয়নে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে বাংলাদেশ ও ইতালির মধ্যকার সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত করতে তার দেশের আগ্রহের কথাও জানান।
বৈঠক শেষে জানানো হয়, বর্তমানে ইতালিতে প্রায় আড়াই লাখ বাংলাদেশি বসবাস করছেন। দক্ষতা ও ভাষা প্রশিক্ষণের মাধ্যমে বৈধ পথে আরও বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়ে দুই পক্ষ আলোচনা করেছে। একই সঙ্গে অবৈধ পথে বিদেশযাত্রা ঠেকাতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে সচেতনতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
এ ছাড়া ইতালির মিলান শহরের সঙ্গে খুলনা সিটি কর্পোরেশনের খাদ্য নিরাপত্তা ও খাদ্য অপচয় রোধে যৌথভাবে কাজ করা, বাংলাদেশের স্থপতিদের প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ও রেমিট্যান্স বাড়ানোর সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে।