হোম / আন্তর্জাতিক / গাজার ধ্বংসস্তূপে ফিলিস্তিনি পতাকায় মোড়ানো ম্যাকলেমোরের ম্যুরাল
macklemore-mural-painted-in-gaza-after-ed-sheeran-tour-controversy

গাজার ধ্বংসস্তূপে ফিলিস্তিনি পতাকায় মোড়ানো ম্যাকলেমোরের ম্যুরাল

আন্তর্জাতিক ডেস্ক | TCH News
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬

গাজা সিটির ধ্বংসস্তূপের মধ্যে মার্কিন র‍্যাপার ম্যাকলেমোরের একটি ম্যুরাল এঁকেছেন স্থানীয় শিল্পীরা। ম্যুরালে তাকে ফিলিস্তিনি পতাকায় মোড়ানো অবস্থায় তুলে ধরা হয়েছে। ফিলিস্তিনিদের প্রতি প্রকাশ্যে সমর্থন জানানোর জন্য তার প্রতি কৃতজ্ঞতার প্রতীক হিসেবে শিল্পকর্মটি তৈরি করা হয়েছে।

স্থানীয় শিল্পী অ্যান রেদওয়ান ও কুসাই আল-হেলো একটি কংক্রিটের স্ল্যাবের ওপর ম্যুরালটি এঁকেছেন। এমন এক সময়ে এটি তৈরি হলো, যখন ফিলিস্তিনের পক্ষে প্রকাশ্যে অবস্থান নেওয়াকে কেন্দ্র করে ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরানের যুক্তরাষ্ট্র সফরের কনসার্টগুলো থেকে বাদ পড়েছেন ম্যাকলেমোর।

চলতি মাসের শুরুতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে এক অনুষ্ঠানে ম্যাকলেমোর ‘ফ্রি প্যালেস্টাইন’ বলে স্লোগান দেন এবং গাজায় ইসরায়েলের সামরিক কর্মকাণ্ড ও পশ্চিম তীরের পরিস্থিতি নিয়ে সমালোচনা করেন। পরে এড শিরানের যুক্তরাষ্ট্র সফরের বাকি কয়েকটি কনসার্ট থেকে তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় আয়োজক প্রতিষ্ঠান। শিরান জানিয়েছেন, ম্যাকলেমোরকে বাদ দেওয়ার সিদ্ধান্তটি তার ছিল না; বরং আয়োজক ও সংশ্লিষ্ট ভেন্যুগুলোর সিদ্ধান্ত ছিল।

ম্যাকলেমোরকে সফর থেকে বাদ দেওয়ার আহ্বান জানিয়েছিল ইসরায়েলি-আমেরিকান কাউন্সিল। এছাড়া জিলেট স্টেডিয়ামের মালিক ও নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টসের মালিক রবার্ট ক্রাফটও ম্যাকলেমোরের বক্তব্যের সমালোচনা করেন। ম্যাকলেমোরের বিরুদ্ধে ইহুদিবিদ্বেষের অভিযোগও উঠেছে, তবে তিনি তা প্রত্যাখ্যান করেছেন।

বিতর্কের মধ্যেই ফিলিস্তিনিদের সহায়তায় ১০ লাখ ডলার দেওয়ার ঘোষণা দিয়েছেন গ্র্যামিজয়ী এই র‍্যাপার। শিশুদের জনপ্রিয় টেলিভিশন ব্যক্তিত্ব ‘মিস র‍্যাচেল’ও সমপরিমাণ অর্থ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

গাজার শিল্পীদের কাছে অবশ্য ম্যাকলেমোরের ভূমিকা শুধু আর্থিক সহায়তার মধ্যে সীমাবদ্ধ নয়। প্রকাশ্যে ফিলিস্তিনিদের পক্ষে কথা বলাকেও তারা গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন। সেই কৃতজ্ঞতারই প্রকাশ ঘটেছে যুদ্ধবিধ্বস্ত গাজা সিটির ধ্বংসস্তূপের মধ্যে আঁকা ম্যাকলেমোরের ম্যুরালে।


হ্যাশট্যাগ:

#ম্যাকলেমোর #গাজা #ফিলিস্তিন #এডশিরান #গাজাসিটি #ম্যুরাল #সংগীত #TCHNews
#Macklemore #Gaza #Palestine #EdSheeran #GazaCity #FreePalestine #Music #TCHNews

Share
Scroll to Top