আন্তর্জাতিক ডেস্ক | TCH News
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬
দুর্নীতি, দলের প্রতি ‘অবিশ্বস্ততা’ এবং গুরুতর শৃঙ্খলাভঙ্গের অভিযোগে চীনের দুই শীর্ষ সামরিক কর্মকর্তা ঝাং ইউশিয়া ও লিউ ঝেনলিকে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি এবং সামরিক বাহিনী থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার চীনের সরকারি ঘোষণায় এ তথ্য জানানো হয়। ঝাং ইউশিয়া দেশটির সেন্ট্রাল মিলিটারি কমিশনের ভাইস চেয়ারম্যান ছিলেন। সামরিক নেতৃত্বের কাঠামোয় প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পরই ছিল তার অবস্থান। দীর্ঘদিন ধরে তাকে শি জিনপিংয়ের ঘনিষ্ঠ সামরিক সহযোগীদের একজন হিসেবে দেখা হতো।
অন্যদিকে লিউ ঝেনলি সেন্ট্রাল মিলিটারি কমিশনের সদস্য এবং এর জয়েন্ট স্টাফ ডিপার্টমেন্টের চিফ অব স্টাফ ছিলেন।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাতে রয়টার্স জানিয়েছে, দুই কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক শৃঙ্খলা ও নিয়ম গুরুতরভাবে লঙ্ঘন, নিজেদের মধ্যে গোষ্ঠী ও বলয় তৈরি এবং দলের প্রতি অসৎ ও অবিশ্বস্ত থাকার অভিযোগ আনা হয়েছে।
তাদের বিরুদ্ধে দুর্নীতি, দায়িত্বে অবহেলা এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগও রয়েছে। চীনা কর্তৃপক্ষের দাবি, সংশ্লিষ্ট আর্থিক অনিয়মের পরিমাণ অত্যন্ত বড়। তবে সুনির্দিষ্ট অর্থের পরিমাণ প্রকাশ করা হয়নি।
ঝাং ও লিউয়ের বিরুদ্ধে তদন্ত শুরুর কথা গত জানুয়ারিতে জানানো হয়েছিল। এরপর আগস্টের শেষ দিকে তাদের রাষ্ট্রীয় সেন্ট্রাল মিলিটারি কমিশন থেকে সরিয়ে দেওয়া হয়।
২০১২ সালে ক্ষমতায় আসার পর থেকে প্রেসিডেন্ট শি জিনপিং চীনে ব্যাপক দুর্নীতিবিরোধী অভিযান পরিচালনা করছেন। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারাও এই অভিযানের আওতায় এসেছেন।
একের পর এক তদন্ত ও বহিষ্কারের ফলে আগে সাত সদস্যের সেন্ট্রাল মিলিটারি কমিশনে বর্তমানে সক্রিয় সদস্য হিসেবে রয়েছেন মাত্র দুজন, যাদের একজন কমিশনের চেয়ারম্যান শি জিনপিং।
বিশ্লেষকদের মতে, উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ চীনে নতুন নয়। তবে ঝাং ও লিউয়ের বিরুদ্ধে সরাসরি দলের প্রতি ‘অবিশ্বস্ততা’ এবং গোষ্ঠী তৈরির অভিযোগ আনার বিষয়টি বিশেষভাবে নজর কেড়েছে।
হ্যাশট্যাগ:
#চীন #শিজিনপিং #চীনাসামরিকবাহিনী #দুর্নীতি #ঝাংইউশিয়া #লিউঝেনলি #আন্তর্জাতিক #TCHNews
#China #XiJinping #ChineseMilitary #PLA #ZhangYouxia #LiuZhenli #Corruption #TCHNews