আন্তর্জাতিক ডেস্ক | TCH News
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় একটি পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।
শনিবার ডেরা ইসমাইল খানের দারাজিন্দা এলাকার আমান মেলার কাছে সড়কের পাশে থাকা একটি পুলিশ চেকপোস্টে এ হামলা চালানো হয়।
স্থানীয় পুলিশপ্রধান সফদার বালোচ জানিয়েছেন, নিহত ও আহতদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর সদস্য ও পথচারী। নিহতদের মধ্যে পুলিশ, কাস্টমস ও বন বিভাগের সদস্য রয়েছেন। আহতদের মধ্যেও পুলিশ ও কাস্টমস সদস্যের পাশাপাশি অন্তত দুইজন বেসামরিক নাগরিক রয়েছেন।
স্থানীয় উদ্ধারকারী সংস্থা রেসকিউ ১১২২ জানিয়েছে, হামলার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি হাসপাতালে নিয়ে যায়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, বিস্ফোরকবোঝাই একটি গাড়ি পুলিশ চেকপোস্টে আঘাত করলে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের আগে হামলাকারীদের গুলিবর্ষণের খবরও পাওয়া গেছে।
এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে সাম্প্রতিক সময়ে ওই অঞ্চলে পাকিস্তানি তালেবান বা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এবং তাদের সহযোগী গোষ্ঠীগুলো বেশ কয়েকটি হামলা চালিয়েছে।
হ্যাশট্যাগ:
#পাকিস্তান #ডেরাইসমাইলখান #আত্মঘাতীহামলা #বোমাহামলা #খাইবারপাখতুনখাওয়া #TCHNews
#Pakistan #DeraIsmailKhan #SuicideBombing #KhyberPakhtunkhwa #TCHNews