The Continental Herald ডেস্ক | ৫ মে ২০২৫
লেবাননে ভ্রমণের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (UAE)। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার জানায়, ২০২৫ সালের ৭ মে থেকে এই নিষেধাজ্ঞা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হবে।
সংযুক্ত আরব আমিরাতের সরকারি বার্তা সংস্থা WAM জানায়, সম্প্রতি লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের আমিরাত সফরের পর এই সিদ্ধান্ত গৃহীত হয়। সফরকালে প্রেসিডেন্ট আউন এবং আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ উভয় দেশের নাগরিকদের চলাচল সহজ করতে সম্মত হন এবং যৌথ বিবৃতিও দেন।
উল্লেখ্য, আমিরাত ২০২১ সালে নিরাপত্তাজনিত কারণে লেবাননে তাদের নাগরিকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। তবে লেবানিজ নাগরিকদের জন্য আমিরাতে প্রবেশে কোনো নিষেধাজ্ঞা ছিল না।
এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম বলেন, “এই সিদ্ধান্ত লেবানন ও আমিরাতের মধ্যে সুদৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতিফলন। আমরা ইউএই প্রেসিডেন্ট ও সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”
তিনি আরও বলেন, “লেবানন ও লেবাননের জনগণ তাদের প্রিয় আমিরাতি ভাইদের আবারও স্বাগত জানাতে প্রস্তুত। শুধু আমিরাত নয়, গোটা উপসাগরীয় অঞ্চল ও আরব বিশ্বের ভ্রমণকারীদের জন্যও লেবানন উন্মুক্ত থাকবে।”
বিশ্লেষকরা মনে করছেন, এই সিদ্ধান্ত লেবাননের পর্যটন খাত এবং অর্থনীতির জন্য একটি বড় ইতিবাচক বার্তা।