হোম / আন্তর্জাতিক / যুক্তরাষ্ট্রে ট্রান্সজেন্ডার সেনাদের সেনাবাহিনী থেকে বহিষ্কারের নির্দেশ জারি
US military to start kicking out transgender troops next month

যুক্তরাষ্ট্রে ট্রান্সজেন্ডার সেনাদের সেনাবাহিনী থেকে বহিষ্কারের নির্দেশ জারি

দ্য কন্টিনেন্টাল হেরাল্ড ডেস্ক | মে ৯, ২০২৫

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ এক গোপন নির্দেশনায় জানিয়েছেন, আগামী ৬ জুনের মধ্যে স্বেচ্ছায় অবসর না নিলে সক্রিয় দায়িত্বে থাকা ট্রান্সজেন্ডার সেনাদের জোরপূর্বক বরখাস্ত করা হবে। বার্তাসংস্থা রয়টার্স এক গোপন মেমোর বরাতে এই তথ্য জানায়।

মেমোটিতে বলা হয়, যারা রিজার্ভ বাহিনীতে রয়েছেন তাদের জন্য সময়সীমা ৭ জুলাই পর্যন্ত। এরপরে তাদের বিরুদ্ধেও “অবাঞ্ছিত বরখাস্ত” প্রক্রিয়া শুরু করা হবে।

এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন ট্রান্সজেন্ডার অধিকারকর্মীরা। আইন সংস্থা GLAD-এর সিনিয়র পরিচালক জেনিফার লেভি বলেন, “এটা অত্যন্ত লজ্জাজনক। যারা দেশের জন্য জীবন বাজি রেখে কাজ করছে, তাদের এভাবে ছাঁটাই করা একেবারেই অযৌক্তিক।”

এই পদক্ষেপ মূলত মার্কিন সুপ্রিম কোর্টের সাম্প্রতিক এক রায়ের পরই কার্যকর হতে যাচ্ছে, যেখানে ট্রাম্প প্রশাসনের ট্রান্সজেন্ডার সেনাবাহিনীতে নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প ইতিমধ্যেই তার প্রথম কার্যদিবসেই এক নির্বাহী আদেশে ঘোষণা দিয়েছিলেন যে, সরকার কেবল দুটি লিঙ্গই (নারী ও পুরুষ) স্বীকৃতি দেবে এবং তা পরিবর্তনযোগ্য নয়।

২০১৬ সালে সাবেক প্রেসিডেন্ট ওবামার সময়ে প্রথমবারের মতো ট্রান্সজেন্ডারদের সেনাবাহিনীতে খোলামেলা ভাবে কাজ করার অনুমতি দেওয়া হয়। পরবর্তীতে বাইডেন প্রশাসন ট্রাম্পের নিষেধাজ্ঞা তুলে নেয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও ন্যাশনাল গার্ডে আনুমানিক ৪,২৪০ জন ট্রান্সজেন্ডার সদস্য সক্রিয়ভাবে কর্মরত রয়েছেন। যদিও অধিকারকর্মীরা এই সংখ্যা আরও বেশি বলে দাবি করছেন।

বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের সামরিক নীতিতে একটি বড় পরিবর্তন এনে দেবে এবং এটি ট্রাম্প প্রশাসনের “মাত্র দুটি লিঙ্গ” নীতিরই বাস্তবায়ন।

Share
Scroll to Top