অর্থনীতি ডেস্ক | TCH News
প্রকাশিত: ৪ আগস্ট ২০২৬
২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বাংলাদেশ ৩ দশমিক ৮৯ বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে। আগের বছরের একই সময়ের তুলনায় রপ্তানি ১ দশমিক ৯২ শতাংশ কম হলেও এটিকে উদ্বেগজনক নয়, বরং ইতিবাচক হিসেবেই দেখছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
মঙ্গলবার রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত সর্বশেষ তথ্যের পর দেওয়া এক বিবৃতিতে বিজিএমইএ জানায়, ২০২৫ সালের জুলাইয়ে তৈরি পোশাক রপ্তানি অস্বাভাবিকভাবে ২৪ দশমিক ৬৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে ৩ দশমিক ৯৬ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছিল। ফলে সেই উচ্চ ভিত্তির সঙ্গে তুলনা করলে চলতি বছরের জুলাইয়ে প্রবৃদ্ধি ধরে রাখা স্বাভাবিকভাবেই কঠিন ছিল।
সংগঠনটির মতে, গ্যাস সংকট, বৈশ্বিক ভূরাজনৈতিক অনিশ্চয়তা এবং অন্যান্য প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও এক মাসে ৩ দশমিক ৮৯ বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি দেশের তৈরি পোশাক শিল্পের সক্ষমতা ও স্থিতিস্থাপকতারই প্রতিফলন। নতুন অর্থবছরের শুরুতে এই অর্জন শিল্পের জন্য ইতিবাচক বার্তা বহন করছে।
ইপিবির তথ্য বিশ্লেষণে দেখা গেছে, জুলাই মাসে ওভেন পোশাক রপ্তানিতে তুলনামূলক বেশি প্রভাব পড়েছে। এ খাতে রপ্তানি কমেছে ৩ দশমিক ১৬ শতাংশ। অন্যদিকে নিট পোশাক রপ্তানি কমেছে মাত্র শূন্য দশমিক ৯০ শতাংশ, যা তুলনামূলকভাবে স্থিতিশীল অবস্থানের ইঙ্গিত দেয়।
বিজিএমইএ আশা করছে, জ্বালানি সরবরাহের স্থিতিশীলতা নিশ্চিত করা, কাঠামোগত প্রতিবন্ধকতা দূর করা এবং প্রয়োজনীয় নীতিগত সহায়তা অব্যাহত থাকলে আগামী মাসগুলোতে তৈরি পোশাক রপ্তানিতে আবারও প্রবৃদ্ধির ধারা ফিরে আসবে।
সংগঠনটি আরও জানায়, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা বজায় রাখা এবং রপ্তানি প্রবৃদ্ধি টেকসই করতে সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ চালিয়ে যাচ্ছে তারা।
হ্যাশট্যাগ:
#পোশাকরপ্তানি #রপ্তানি #বিজিএমইএ #বাংলাদেশঅর্থনীতি #তৈরিপোশাক #TCHNews
#GarmentExports #BangladeshExports #BGMEA #RMG #BangladeshEconomy #TCHNews