হোম / বাংলাদেশ / জাতীয় সংবাদ / ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
bangladesh-three-month-dengue-prevention-campaign-september-2026

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক | TCH News
প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে দেশজুড়ে তিন মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক অভিযান শুরু করতে যাচ্ছে সরকার। আগামী ১২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচির উদ্বোধন করবেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধে করণীয় নিয়ে আয়োজিত এক সভায় প্রধানমন্ত্রী এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি জানিয়েছেন।

আগামী তিন মাসকে ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ সময় হিসেবে বিবেচনা করে এই কর্মসূচি নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী দেশবাসীকে এতে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

সভায় প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু মশা নিধনের ওপর নির্ভর করলে হবে না। একই সঙ্গে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। এজন্য স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে মাঠপর্যায়ে সমন্বিত কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন তিনি।

বিশেষ অভিযানে মহানগর এলাকায় সংশ্লিষ্ট সিটি করপোরেশন এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসকরা কার্যক্রম সমন্বয় করবেন। উপজেলা পর্যায়ে দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা।

অভিযানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের স্বেচ্ছাসেবকদের পাশাপাশি স্কাউট, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), গার্ল গাইডস, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের যুক্ত করা হবে।

প্রতি শনিবার স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীরা বিভিন্ন বাসাবাড়ি ও স্থাপনায় পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেবেন। এ সময় এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করার পাশাপাশি বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার রাখতে সাধারণ মানুষকে সচেতন করা হবে।

মাঠপর্যায়ের কার্যক্রমের পাশাপাশি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক প্রচার চালানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত জনসচেতনতামূলক বার্তা প্রচারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, আগামী তিন মাস ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণও নিশ্চিত করতে হবে।

Share
Scroll to Top