হোম / আন্তর্জাতিক / ৩০ বছর ধরে ফ্রিজারে বাবা-মায়ের মরদেহ, ফিনল্যান্ডে আদালতে ৮১ বছরের ব্যক্তি
finland-man-kept-dead-parents-in-freezers-for-30-years-turku-court

৩০ বছর ধরে ফ্রিজারে বাবা-মায়ের মরদেহ, ফিনল্যান্ডে আদালতে ৮১ বছরের ব্যক্তি

আন্তর্জাতিক ডেস্ক | TCH News
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৬

ফিনল্যান্ডে প্রায় ৩০ বছর ধরে নিজের বাবা-মায়ের মরদেহ ফ্রিজারে সংরক্ষণ করে রাখার অভিযোগে ৮১ বছর বয়সী এক ব্যক্তির বিচার শুরু হয়েছে। শুক্রবার সকালে তুর্কুর একটি আদালতে আলোচিত এই মামলার শুনানি শুরু হয়।

অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কবরের পবিত্রতা লঙ্ঘনের দুটি অভিযোগ আনা হয়েছে। প্রসিকিউটরের দাবি, বাবা-মায়ের মৃত্যুর পর তাঁদের মরদেহ দাফন না করে প্রায় তিন দশক ধরে ফ্রিজারে লুকিয়ে রেখেছিলেন তিনি।

তবে অভিযুক্ত ব্যক্তি অভিযোগ অস্বীকার করেছেন। আদালতের বাইরে সাংবাদিকদের তিনি বলেন, কোনো অপরাধ ঘটেনি এবং তিনি শুধু তাঁর বাবার ইচ্ছা অনুযায়ী কাজ করেছেন।

অভিযুক্ত ব্যক্তি পেশাগতভাবে একজন প্রশিক্ষিত চিকিৎসক। তাঁর দাবি, বাবা-মায়ের মরদেহ বিশেষ একটি পরীক্ষামূলক পদ্ধতিতে সংরক্ষণ করা হয়েছিল। ‘প্রোমেশন’ নামে পরিচিত এই পদ্ধতিতে মরদেহকে জৈব মাটির সারে রূপান্তরের ধারণা রয়েছে। তবে পদ্ধতিটি এখনো প্রমাণিত বা প্রচলিত নয়।

Yle-এর তথ্য অনুযায়ী, অভিযুক্তের বাবা-মা যথাক্রমে ১৯৯৪ ও ১৯৯৫ সালে স্বাভাবিক কারণে মারা যান। পরে দাফনের জন্য তাঁদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছিল।

ঘটনাটি পুলিশের নজরে আসে ২০২৫ সালের অক্টোবরে। সে সময় তুর্কুর একটি কবরস্থানের কর্মীরা ওই ব্যক্তি ও তাঁর ৭০ বছর বয়সী ভাইকে পারিবারিক একটি কবর খুঁড়তে দেখেন এবং পুলিশকে বিষয়টি জানান।

পারিবারিক কবর খোঁড়ার ঘটনায় ছোট ভাইয়ের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। তবে দুই ভাইই কোনো অপরাধ করার কথা অস্বীকার করেছেন। তাঁদের দাবি, তাঁরা কবরটি পরিষ্কার এবং সমাধিফলক ঠিক করার কাজ করছিলেন।

ফিনল্যান্ডের আইনে কবরের পবিত্রতা লঙ্ঘনের অপরাধ প্রমাণিত হলে জরিমানা অথবা সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড হতে পারে।

Share
Scroll to Top