হোম / আন্তর্জাতিক / ইরানে হামলায় ব্যবহৃত মার্কিন বিমানঘাঁটির কাছে ৫ ব্রিটিশ নাগরিক গ্রেপ্তার
five-britons-arrested-near-uk-airbase-used-for-us-strikes-on-iran

ইরানে হামলায় ব্যবহৃত মার্কিন বিমানঘাঁটির কাছে ৫ ব্রিটিশ নাগরিক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক | TCH News
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬

 

ইরানে মার্কিন হামলায় ব্যবহৃত যুক্তরাজ্যের একটি বিমানঘাঁটির কাছে সন্ত্রাসবাদ ও বিস্ফোরক-সংক্রান্ত অপরাধের সন্দেহে পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ। গ্রেপ্তার পাঁচজনই ব্রিটিশ নাগরিক এবং লন্ডনের বাসিন্দা।

রয়টার্স জানিয়েছে, ২৩ থেকে ২৫ বছর বয়সী ওই পাঁচজনকে রোববার ভোরে পশ্চিম ইংল্যান্ডের আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটির কাছে থেকে আটক করা হয়।

তিনটি বড় সাদা ভ্যান বিমানঘাঁটির দিকে যেতে দেখা গেছে, এমন তথ্য পাওয়ার পর পুলিশ অভিযান চালায়। পরে সশস্ত্র পুলিশ পাঁচজনকে আটক করে। বর্তমানে ব্রিটিশ কাউন্টার টেররিজম পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে।

আরএএফ ফেয়ারফোর্ডে মার্কিন বোমারু বিমান মোতায়েন রয়েছে এবং ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানে এই ঘাঁটি ব্যবহার করা হয়েছে।

তদন্তসংশ্লিষ্ট একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ঘটনার পেছনে ইরান-সংশ্লিষ্ট কোনো উদ্দেশ্য থাকার সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তবে রাশিয়ার নাশকতামূলক তৎপরতা কিংবা ইসলামপন্থী কোনো হামলার পরিকল্পনার সম্ভাবনাও তদন্ত করা হচ্ছে। পুলিশ অবশ্য এখনো আনুষ্ঠানিকভাবে হামলার উদ্দেশ্য বা কারও সংশ্লিষ্টতা নিশ্চিত করেনি। ইরানি দূতাবাস এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, আটক ব্যক্তিরা বড় ধরনের ক্ষতি করার পরিকল্পনা করছিলেন। তবে ব্রিটিশ পুলিশ জানিয়েছে, তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং আটক ব্যক্তিদের কর্মকাণ্ড, তাদের জানা তথ্য ও ঘটনার সম্ভাব্য উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার পর বিমানঘাঁটির চারপাশে ৪০০ মিটার এলাকা ঘিরে রাখা হয়েছে এবং আশপাশের ৮৫টি বাড়ির বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। যুক্তরাজ্যে থাকা অন্যান্য মার্কিন বিমানঘাঁটিতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

 

হ্যাশট্যাগ:
#যুক্তরাজ্য #ইরান #যুক্তরাষ্ট্র #বিমানঘাঁটি #সন্ত্রাসবাদ #RAFfairford #TCHNews
#UK #Iran #US #RAFFairford #CounterTerrorism #TCHNews

Share
Scroll to Top