দ্য কন্টিনেন্টাল হেরাল্ড ডেস্ক রিপোর্ট | ৪ অক্টোবর ২০২৫
ইউক্রেনে ড্রোন হামলায় নিহত হয়েছেন ফরাসি সাংবাদিক আন্তোনি লাল্লিকান। শুক্রবার (৩ অক্টোবর) সকালের দিকে রুশ বাহিনীর চালানো এক ড্রোন হামলায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে তার কর্মস্থল হান্স লুকাস ফটো এজেন্সি এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
৩৮ বছর বয়সী এই পুরস্কারপ্রাপ্ত ফটোসাংবাদিক ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে দায়িত্ব পালন করছিলেন। হামলার সময় তার সঙ্গে থাকা ইউক্রেনীয় সাংবাদিক হেওরগি ইভানচেনকো আহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সাংবাদিক ফেডারেশন (IFJ-EFJ)। দুই সাংবাদিকই “প্রেস” লেখা বুলেটপ্রুফ ভেস্ট পরেছিলেন।
হান্স লুকাস এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, লাল্লিকান ২০১৮ সাল থেকে সংস্থাটির সঙ্গে যুক্ত ছিলেন এবং সামাজিক, মানবাধিকার ও সংঘাতমুখী অঞ্চলের নানা বিষয় নিয়ে কাজ করেছেন। রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে তিনি নিয়মিতভাবে ইউক্রেনে যাতায়াত করতেন।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে বলেন, “আন্তোনি লাল্লিকান ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে ছিলেন। তিনি রুশ ড্রোন হামলার শিকার হয়েছেন।” প্রেসিডেন্ট লাল্লিকানের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহাও এক পোস্টে তার প্রতি শোক প্রকাশ করেছেন।
ইউক্রেনের জাতীয় সাংবাদিক ইউনিয়নের (NUJU) সভাপতি সার্গেই তোমিলেনকো জানান, লাল্লিকানকে লক্ষ্য করে রুশ বাহিনী একটি FPV (First-Person View) ড্রোন হামলা চালায়। তিনি বলেন, “বর্তমানে সাংবাদিকসহ সাধারণ মানুষের সবচেয়ে বড় হুমকি হলো রুশ ড্রোন, যেগুলো আকাশ থেকে মানুষ শিকার করছে।”
ইউক্রেনের ফ্রন্টলাইনের শহরগুলোতে সাধারণ মানুষরা আগেও জানিয়েছেন, রুশ FPV ড্রোন এখন দৈনন্দিন আতঙ্ক। পথচারী, গাড়ি, বাস, এমনকি অ্যাম্বুলেন্স পর্যন্ত তাদের টার্গেটে থাকে। যদিও রাশিয়া বারবার দাবি করেছে তারা সাধারণ মানুষকে লক্ষ্য করে না।
সংবাদ সংস্থা সিএনএন জানিয়েছে, রুশ আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত ইউক্রেনে অন্তত ১৬ জন সাংবাদিক নিহত হয়েছেন। লাল্লিকান নিহত হওয়ার আগে এ সংখ্যা ছিল ১৬।
আন্তর্জাতিক সম্প্রদায় সাংবাদিক হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলছে, যুদ্ধক্ষেত্রে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
#UkraineWar #FrenchJournalist #DroneAttack #PressFreedom #TheContinentalHerald