জ্বালানি সংকট মোকাবিলায় ২ কার্গো এলএনজি আমদানির অনুমোদন, ব্যয় ১৮৫০ কোটি টাকা
অর্থনীতি ডেস্ক | TCH News
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৬
দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় আন্তর্জাতিক বাজার থেকে আরও দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। সিঙ্গাপুরভিত্তিক বিপি সিঙ্গাপুর লিমিটেডের কাছ থেকে এসব এলএনজি কেনা হবে। এতে সরকারের মোট ব্যয় হবে প্রায় ১ হাজার ৮৫১ কোটি টাকা।
সোমবার (১৭ আগস্ট) অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩৮তম সভায় মোট পাঁচ কার্গো এলএনজি কেনার প্রস্তাব করেছিল জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
কখন আসবে এলএনজি
অনুমোদিত প্রথম কার্গোটির প্রতি এমএমবিটিইউর দাম নির্ধারণ করা হয়েছে ২১.৮৭৮ মার্কিন ডলার। এই কার্গোটির জন্য সরকারের ব্যয় হবে ৯২৭ কোটি ৫০ লাখ ৬০ হাজার ৮৩৩ টাকা। এটি আগামী ২৩-২৪ আগস্ট দেশে পৌঁছানোর কথা রয়েছে।
দ্বিতীয় কার্গোটিও বিপি সিঙ্গাপুর লিমিটেডের কাছ থেকেই কেনা হচ্ছে। আগামী ৪-৫ সেপ্টেম্বর সরবরাহের জন্য নির্ধারিত এই কার্গোর প্রতি এমএমবিটিইউর দাম ২১.৭৭৮ মার্কিন ডলার। এর জন্য ব্যয় হবে ৯২৩ কোটি ২৬ লাখ ৬৬ হাজার ৩৬৯ টাকা। ফলে দুই কার্গো মিলিয়ে সরকারের মোট ব্যয় দাঁড়াচ্ছে প্রায় ১৮৫০ কোটি ৭৭ লাখ টাকা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকার আন্তর্জাতিক বাজারের বর্তমান দামের চেয়ে বেশি মূল্যে এসব এলএনজি কিনছে। জ্বালানি বিভাগের একটি প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৬ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত জেকেএম গড় অনুযায়ী, আগস্ট মাসে সরবরাহ করা এলএনজির গড় মূল্য হওয়ার কথা প্রতি এমএমবিটিইউ ১৬.৮০৮ মার্কিন ডলার।
The Continental Herald (TCH News) is committed to delivering accurate, timely, and trustworthy news. Stay connected with The Continental Herald for the latest updates from Bangladesh and around the world.