অপরাধ ডেস্ক | TCH News
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৬
সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রাণ গেল প্রধান শিক্ষিকার
রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীদের টানে রিকশা থেকে পড়ে প্রাণ হারিয়েছেন এক নারী। তিনি বগুড়ার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বলে জানা গেছে।
শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ছয়টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিক্ষিকার নাম রনজিনা পারভীন (৫৫)। তিনি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন।
ফার্মগেটে চিকিৎসা দেখাতে ঢাকায় আসেন
পুলিশ সূত্রে জানা যায়, চিকিৎসকের শরণাপন্ন হতে গতকাল শুক্রবার রাতে নিজ জেলা বগুড়া থেকে রাজধানীতে আসেন রনজিনা পারভীন। রাজধানীর ফার্মগেট এলাকায় অবস্থিত ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে তার চিকিৎসা নেওয়ার কথা ছিল।
রিকশা থেকে পড়ে গুরুতর আহত
ভোরে গাবতলী বাস টার্মিনালে নেমে রিকশাযোগে হাসপাতালের উদ্দেশে রওনা হন তিনি। পথিমধ্যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তার ব্যাগে জোরালো টান দেয়। এতে তিনি রিকশা থেকে ছিটকে মাটিতে পড়ে যান এবং তার মাথায় গুরুতর আঘাত পায়।
স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান জানিয়েছেন, ঘটনার সাথে জড়িত মোটরসাইকেল ও ছিনতাইকারীদের গ্রেপ্তারে তৎপর রয়েছে পুলিশ।
The Continental Herald (TCH News) is committed to delivering accurate, timely, and trustworthy news. Stay connected with The Continental Herald for the latest updates from Bangladesh and around the world.