হোম / আন্তর্জাতিক / অ্যাপল-শাওমিকে টেক্কা দিতে হুয়াওয়ের নতুন তিন ভাঁজের ফোন
huawei-launches-mate-xt2-trifold-smartphone-amid-apple-xiaomi-competition

অ্যাপল-শাওমিকে টেক্কা দিতে হুয়াওয়ের নতুন তিন ভাঁজের ফোন

প্রযুক্তি ডেস্ক | TCH News
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৬

প্রিমিয়াম স্মার্টফোনের বাজারে অ্যাপল ও শাওমির সঙ্গে প্রতিযোগিতা আরও জোরালো করতে নতুন তিন ভাঁজের স্মার্টফোন সিরিজ ‘মেট এক্সটি২’ উন্মোচন করেছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে।

নতুন মেট এক্সটি২ দুইবার ভাঁজ করা যায়। পুরোপুরি খুললে এর পর্দা ট্যাবলেটের মতো বড় আকার ধারণ করে। এতে হুয়াওয়ের নিজস্ব নতুন কিরিন ৯০৫০ প্রো চিপ ব্যবহার করা হয়েছে।

হুয়াওয়ের দাবি, নতুন চিপের নকশা কম বিদ্যুৎ ব্যবহার করে বেশি কম্পিউটিং ক্ষমতা দিতে সক্ষম। যুক্তরাষ্ট্রের উন্নত প্রযুক্তি ব্যবহারের ওপর থাকা বিধিনিষেধ মোকাবিলায় নিজস্ব প্রযুক্তির সক্ষমতা বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবেই এটি তৈরি করেছে প্রতিষ্ঠানটি।

তবে নতুন ফোনটির দাম বেশ চড়া। মেট এক্সটি২ সিরিজের দাম শুরু হচ্ছে ১৯ হাজার ৯৯৯ ইউয়ান থেকে, যা প্রায় ২ হাজার ৯৮০ মার্কিন ডলার। সবচেয়ে দামি সংস্করণটির মূল্য ২৪ হাজার ৯৯৯ ইউয়ান বা প্রায় ৩ হাজার ৭২৫ ডলার। আগামী ১২ সেপ্টেম্বর থেকে ফোনটির বিক্রি শুরু হবে।

হুয়াওয়ের নির্বাহী পরিচালক রিচার্ড ইউ জানিয়েছেন, মেমোরির দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় নতুন ফোনের মূল্য নির্ধারণ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। একই সঙ্গে নতুন প্রযুক্তি ব্যবহারের কারণেও উৎপাদন ব্যয় বেড়েছে।

মেট এক্সটি২-তে নতুনভাবে নকশা করা ভাঁজ ব্যবস্থা, উন্নত পানি প্রতিরোধক্ষমতা ও উন্নত ক্যামেরা যুক্ত করা হয়েছে। পাশ থেকে অন্য কেউ যেন পর্দার তথ্য সহজে দেখতে না পারে, এমন গোপনীয়তা সুরক্ষা সুবিধাও রয়েছে। হুয়াওয়ের নিজস্ব পরীক্ষার হিসাবে, আগের মডেলের তুলনায় নতুন সিরিজটির সামগ্রিক কার্যক্ষমতা ৪২ শতাংশ বেশি।

চীনের স্মার্টফোন বাজারে বর্তমানে শক্ত অবস্থানে রয়েছে হুয়াওয়ে। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে দেশটির স্মার্টফোন বাজারে প্রতিষ্ঠানটির অংশ ছিল ২২ দশমিক ৬ শতাংশ। একই সময়ে অ্যাপলের অংশ ছিল ১৮ দশমিক ১ শতাংশ এবং শাওমির ১২ দশমিক ৪ শতাংশ।

ভাঁজযোগ্য স্মার্টফোনের বাজারে হুয়াওয়ের অবস্থান আরও শক্তিশালী। দ্বিতীয় প্রান্তিকে চীনে বিক্রি হওয়া ভাঁজযোগ্য ফোনের ৬৮ শতাংশই ছিল হুয়াওয়ের।

এদিকে হুয়াওয়ের নতুন ফোন উন্মোচনের দিনই প্রতিদ্বন্দ্বী একটি ভাঁজযোগ্য ফোন আনছে শাওমি। অন্যদিকে বুধবার নতুন আইফোন সিরিজ উন্মোচন করতে যাচ্ছে অ্যাপল। প্রতিষ্ঠানটি এবার একটি ভাঁজযোগ্য আইফোনও সামনে আনতে পারে বলে প্রত্যাশা রয়েছে। ফলে প্রিমিয়াম ও ভাঁজযোগ্য স্মার্টফোনের বাজারে প্রতিযোগিতা আরও তীব্র হওয়ার আভাস মিলছে।

Share
Scroll to Top