আন্তর্জাতিক ডেস্ক | TCH News
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৬
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেছে দেশটির তরুণদের নেতৃত্বাধীন ‘ককরোচ’ আন্দোলন। শনিবারের মধ্যে তিনি পদত্যাগ না করলে আগামী ২ অক্টোবর থেকে দেশজুড়ে নতুন করে বিক্ষোভ শুরুর হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনের নেতারা।
‘ককরোচ জনতা পার্টি’ বা সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে শুক্রবার জানান, তাদের দাবি পূরণ না হলে মুম্বাই থেকে নতুন আন্দোলন শুরু হবে। এরপর তা দেশের অন্যান্য অংশে ছড়িয়ে দেওয়া হবে।
ভোটার তালিকায় কথিত হস্তক্ষেপ ও অনিয়মের প্রতিবেদন সামনে আসার পর প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে এই আন্দোলনে নেমেছে সংগঠনটি। শুক্রবার কলকাতায়ও বিক্ষোভকারীরা জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মিছিল করেন।
চলতি বছরের মে মাসে ভারতের তরুণদের মধ্যে ‘ককরোচ’ আন্দোলনের উত্থান ঘটে। দেশটির প্রধান বিচারপতির একটি মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গাত্মকভাবে ‘ককরোচ জনতা পার্টি’ গড়ে ওঠে। পরে শিক্ষা ব্যবস্থা, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও কর্মসংস্থানসহ বিভিন্ন ইস্যুতে আন্দোলনটি তরুণদের একটি প্রতিবাদী প্ল্যাটফর্মে পরিণত হয়।
এর আগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতেও বড় ধরনের বিক্ষোভ করেছে সংগঠনটির সমর্থকেরা। জুলাইয়ে নয়াদিল্লিতে পার্লামেন্ট অভিমুখে তাদের একটি বিক্ষোভে ১০ হাজারের বেশি মানুষ অংশ নেয় বলে আল জাজিরা জানিয়েছিল।
এবার নির্বাচন কমিশনকে ঘিরে আন্দোলন শুরু হওয়ায় সিজেপির বিক্ষোভ নতুন মাত্রা পেয়েছে। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ না করলে তারা আবারও বড় পরিসরে রাজপথে নামবে।
হ্যাশট্যাগ: #ভারত #ককরোচআন্দোলন #জ্ঞানেশকুমার #নির্বাচনকমিশন #বিক্ষোভ #ভারতেররাজনীতি #TCHNews #India #CockroachMovement #GyaneshKumar #ElectionCommission #Protest