প্রকাশের তারিখ:
২৯ জুলাই, ২০২৬
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের পর আকাশ প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করতে চীনের তৈরি কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা (ম্যানপ্যাডস) সংগ্রহ করছে ইরান। বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
প্রতিবেদন অনুযায়ী, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ইরান প্রথম চালানে সর্বোচ্চ ৪০০টি চীনা নির্মিত ম্যানপ্যাডস পেতে পারে। ৬ থেকে ৭ কোটি মার্কিন ডলার মূল্যের এই চুক্তির আওতায় QW-12 এবং FN-16 মডেলের স্বল্পপাল্লার বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সরবরাহের কথা রয়েছে।
সূত্রগুলো জানিয়েছে, এই প্রতিরক্ষা ব্যবস্থা যুদ্ধক্ষেত্রে দ্রুত স্থানান্তর ও মোতায়েন করা যায়। ফলে নিম্ন উচ্চতায় উড়তে থাকা যুদ্ধবিমান, হেলিকপ্টার ও ড্রোন প্রতিহত করার ক্ষেত্রে ইরানের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, চুক্তিটি হংকংভিত্তিক একটি প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয়েছে। তবে এ বিষয়ে চীনের সরকার আনুষ্ঠানিকভাবে কোনো সামরিক সহায়তা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে। একই সঙ্গে পাকিস্তানও তাদের ভূখণ্ড ব্যবহার করে এসব অস্ত্র পরিবহনের জল্পনা নাকচ করেছে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক যুদ্ধে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা প্রকাশ পাওয়ার পর ইরান দ্রুত তার স্বল্পপাল্লার প্রতিরক্ষা সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করছে। চীনা এই ম্যানপ্যাডস সরবরাহ সেই পরিকল্পনারই অংশ বলে মনে করা হচ্ছে।
#হ্যাশট্যাগ:
#ইরান #চীন #ক্ষেপণাস্ত্র #বিমান_প্রতিরক্ষা #মধ্যপ্রাচ্য #Iran #China #MANPADS #AirDefense #MiddleEast