ঢাকা, ৩১ মে ২০২৫:
রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পেতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর করা আপিলের রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আগামীকাল রোববার। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চে রোববারের কার্যতালিকার ১ নম্বর আইটেম হিসেবে এ রায় ঘোষণা করা হবে।
জামায়াতের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার এহসান আব্দুল্লাহ সিদ্দিকী ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। অন্যদিকে, নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন আইনজীবী তৌহিদুল ইসলাম। চারদিনের শুনানি শেষে গত ১৪ মে আদালত রায়ের জন্য দিন নির্ধারণ করে।
উল্লেখ্য, ২০১৩ সালের ১ আগস্ট এক রিট মামলার রায়ে হাইকোর্ট জামায়াতে ইসলামীর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে। এরপর ২০১৮ সালের ৭ ডিসেম্বর নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে জামায়াতের নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে।
পরবর্তী পর্যায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে জামায়াতে ইসলামী। তবে শুনানির সময় তাদের প্রধান আইনজীবী উপস্থিত না থাকায় আপিল বিভাগ ‘ডিসমিসড ফর ডিফল্ট’ হিসেবে আপিল খারিজ করে দেয়, ফলে হাইকোর্টের রায়ই বহাল থাকে।
এদিকে, গত বছরের ১ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রেক্ষিতে জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে সরকার। সন্ত্রাসবিরোধী আইনের ১৮(১) ধারায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে তাদের সব অঙ্গসংগঠনসহ নিষিদ্ধ করে। তবে একই বছরের ২৮ আগস্ট নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এবং প্রজ্ঞাপন বাতিল করা হয়।
পরবর্তীতে, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা জামায়াতের আপিল পুনরুজ্জীবনের আবেদন করা হয়, যেটি ২০২৪ সালের ২২ অক্টোবর মঞ্জুর হয়। এরপর থেকে পুনরায় মেরিটের ভিত্তিতে শুনানি শুরু হয়, যার রায় ঘোষণা হচ্ছে আগামীকাল।
এই রায়ের মাধ্যমে নির্ধারিত হবে—বাংলাদেশ জামায়াতে ইসলামী কি আবার রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পাবে, নাকি হাইকোর্টের দেওয়া নিষিদ্ধ ঘোষণাই বহাল থাকবে।
Source: The Continental Herald