দ্য কনটিনেন্টাল হেরাল্ড আন্তর্জাতিক ডেস্ক | ১৮ জুন ২০২৫
পুলিশি নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে কেনিয়ার রাজধানী নাইরোবি। বিক্ষোভ চলাকালীন এক সাধারণ পথচারীকে খুব কাছ থেকে গুলি করে পুলিশ, যার ভিডিও ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক পুলিশ সদস্য খুব কাছ থেকে মাথায় গুলি করে বসেন একজন সাধারণ বিক্রেতাকে, যিনি রাস্তায় ফেস মাস্ক বিক্রি করছিলেন। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তি এখন কেনিয়াট্টা ন্যাশনাল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।
ঘটনার পেছনের প্রেক্ষাপট:
কেনিয়ায় বিক্ষোভ দানা বাঁধে গত সপ্তাহে পুলিশের হেফাজতে থাকা ৩১ বছর বয়সী শিক্ষক অ্যালবার্ট ওজোয়াংয়ের মৃত্যু নিয়ে। জনতার দাবি, তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে এবং এর জন্য দায়ী পুলিশ কর্মকর্তাদের বিচার হওয়া উচিত।
মঙ্গলবার রাজধানী নাইরোবির বাণিজ্যিক এলাকায় শান্তিপূর্ণভাবে শুরু হওয়া বিক্ষোভে সহস্রাধিক মোটরসাইকেল আরোহী ‘গুণ্ডা’ প্রবেশ করে, যারা দা, লাঠি ও চেইন নিয়ে হামলা চালায়। বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ এবং পাল্টা প্রতিরোধে বিক্ষোভকারীরা পাথর ছুঁড়ে ও মোটরসাইকেল জ্বালিয়ে দেয়।
পুলিশের বিতর্কিত ভূমিকা:
প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছেন, পুলিশের উপস্থিতিতেই হামলাকারী ‘গুণ্ডারা’ প্রকাশ্যে বিক্ষোভকারীদের ওপর চড়াও হয়, এবং পুলিশ তাদের রক্ষা করে। যদিও পুলিশের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, তারা কোনো ‘অবৈধ গোষ্ঠী’কে সমর্থন করে না এবং অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে।
বিক্ষোভের পেছনে অর্থনৈতিক হতাশাও:
গত বছরের মতো এবারো আন্দোলনের মূল প্রেক্ষাপটে রয়েছে সাধারণ মানুষের অর্থনৈতিক দুর্দশা, বেকারত্ব ও নিরাপত্তাহীনতা। ২০২৪ সালের জুন-জুলাই মাসে করবৃদ্ধির প্রতিবাদে ভয়াবহ আন্দোলনে অন্তত ৬০ জন নিহত হয়, যার মধ্যে অধিকাংশই তরুণ।
বিক্ষোভকারীদের দাবি:
১. অ্যালবার্ট ওজোয়াংয়ের মৃত্যুর জন্য দায়ী সিনিয়র অফিসারের পদত্যাগ
২. পুলিশি সহিংসতা বন্ধে কঠোর পদক্ষেপ
৩. আইনের শাসন ও মানবাধিকার রক্ষায় সরকারের জবাবদিহিতা