হোম / বাংলাদেশ / জাতীয় সংবাদ / প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন বিএনপির।

 

 

জাতীয় ডেস্ক | TCH News

প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৬

 

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। ১৯৪৫ সালের এই দিনে দিনাজপুরে তিনি জন্মগ্রহণ করেন। এই উপলক্ষ্যে সারা দেশে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে বিএনপি।

 

শুক্রবার (১৪ আগস্ট) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলীয় কর্মসূচি জানানো হয়। এতে বলা হয়, সারা দেশে দলীয় কার্যালয়ে অথবা মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ঢাকায় বেলা ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই কর্মসূচি পালন করা হবে।

 

জন্ম ও শিক্ষাজীবন

 

খালেদা জিয়ার পারিবারিক নাম খালেদা খানম, ডাকনাম পুতুল। তার বাবা ইস্কান্দার মজুমদারের আদি নিবাস ফেনীতে। তবে খালেদা জিয়া জলপাইগুড়িতে বোনের বাসায় থেকেই পড়ালেখা করেন। পরে পরিবার নিয়ে দিনাজপুরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। সেখানকার একটি মিশনারি স্কুল ও পরবর্তীতে দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে তিনি পড়াশোনা করেন।

 

জিয়া পরিবারের সূচনা

 

১৯৬০ সালে পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে খালেদার বিয়ে হয়। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অসামান্য ভূমিকা রাখেন জিয়াউর রহমান। তিনি চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ২৭ মার্চ স্বাধীনতার ঘোষণা দেন।

 

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জিয়াউর রহমান বিএনপি নামে একটি রাজনৈতিক দল গঠন করেন। ১৯৮১ সালে চট্টগ্রামে এক ব্যর্থ সেনা অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হলে বিএনপির হাল ধরেন তার স্ত্রী খালেদা জিয়া।

 

১৯৮৩ সালে তার নেতৃত্বে বিএনপি সাতদলীয় জোট গঠন করে এরশাদবিরোধী আন্দোলন শুরু করে। জোট কোনো আপসে না যাওয়ায় তিনি ‘আপসহীন নেত্রী’ উপাধি পান।

 

 

১৯৯১ সালে তিনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হন। পরবর্তীতে তিনি আরও দুই দফায় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ওয়ান-ইলেভেনের সময় তিনি কারাবন্দি হন এবং ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়ে কারাদণ্ড পান।

 

নানা শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৩০ ডিসেম্বর খালেদা জিয়া মারা যান। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিএনপির চেয়ারপারসন ছিলেন। বর্তমানে দলটির নেতৃত্বে আছেন তার জ্যেষ্ঠ ছেলে তারেক রহমান, যিনি ত্রয়োদশ সংসদ নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

 

The Continental Herald (TCH News) is committed to delivering accurate, timely, and trustworthy news. Stay connected with The Continental Herald for the latest updates from Bangladesh and around the world.

Share
Scroll to Top