দি কন্টিনেন্টাল হেরাল্ড | ৯ মে ২০২৫ | নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের প্রভাবশালী নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভীকে আজ শুক্রবার ভোরে গ্রেফতার করেছে পুলিশ। সকাল পৌনে ৬টার দিকে শহরের দেওভোগ এলাকার চুনকা কুটিরে অবস্থিত নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, সিদ্ধিরগঞ্জে মিনারুল ইসলাম হত্যা মামলায় আইভীকে গ্রেফতার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে মোট পাঁচটি মামলা রয়েছে বলে জানা গেছে।
এর আগে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে পুলিশের একটি দল চুনকা কুটিরে প্রবেশ করে। আইভীর গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ার পরই স্থানীয় বাসিন্দা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা রাস্তায় নেমে আসে, ফলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
আইভীর সমর্থকরা চারপাশের রাস্তাগুলোতে বাঁশ, ঠেলাগাড়ি, ভ্যানগাড়ি ফেলে সড়ক অবরোধ করেন। আশপাশের এলাকার মসজিদের মাইক ব্যবহার করে সবাইকে আইভীর বাড়ির সামনে জড়ো হওয়ার আহ্বান জানানো হয়।
রাতভর চুনকা কুটির ঘিরে রাখেন নেতাকর্মীরা। ডা. আইভী সেসময় কর্মীদের উদ্দেশে বলেন, “তাদের (পুলিশকে) বলবা, আমি দিনের বেলা ছাড়া যাবো না। আমাকে নিতে হলে দিনের বেলায় আসতে হবে।”
পুলিশ তখন বাড়ির ভেতরে আটকা পড়ে যায়। রাত ১২টার পর অতিরিক্ত ফোর্স নিয়ে পুলিশ আবার ঘটনাস্থলে আসে। দীর্ঘ আলোচনার পর মধ্যরাতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাসভবনে প্রবেশ করেন এবং অবশেষে আইভীকে গ্রেফতার করে নিয়ে যান।
এই ঘটনায় নারায়ণগঞ্জ শহরে চরম উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।