হোম / খেলা / রোবের্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? ব্রাজিলিয়ান লিজেন্ডের ধর্মান্তরের গুঞ্জন

রোবের্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? ব্রাজিলিয়ান লিজেন্ডের ধর্মান্তরের গুঞ্জন

ব্রাজিলিয়ান ফুটবল লিজেন্ড রোবের্তো কার্লোস কি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন?

 

খেলাধুলা ডেস্ক | TCH News

প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২৬

 

ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি রোবের্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন—এমন খবর ছড়িয়েছে তুর্কি গণমাধ্যমে। রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল জাতীয় দলের সাবেক তারকা এবং ফেনারবাহচের সাবেক খেলোয়াড় ৫৩ বছর বয়সী এই লিজেন্ড প্রায় চার সপ্তাহ আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে বেশ কয়েকটি তুর্কি সংবাদপত্রে প্রকাশিত হয়েছে।

 

শাহাদা পাঠের ঘটনা

 

হাবেরলারসহ একাধিক তুর্কি পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, ব্রাজিলের মুসলিম সম্প্রদায়ের প্রভাবশালী ব্যক্তিত্ব শেখ জিহাদ হামাদার উপস্থিতিতে শাহাদা পাঠের মাধ্যমে ইসলাম গ্রহণ করেন রোবের্তো কার্লোস। সূত্র বলছে, শেখ জিহাদ হামাদার সঙ্গে দীর্ঘদিন ধরেই যোগাযোগ ছিল তাঁর। প্রায় চার সপ্তাহ আগে ব্রাজিলে শেখের সঙ্গে সাক্ষাৎকালে তিনি শাহাদা পাঠ করেন।

 

তুর্কি এমপির পোস্টে দাবি

 

এই দাবি আরও জোরালো হয়েছে তুরস্কের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সংসদ সদস্য আলি শাহিনের একটি পোস্টের পর। শাহিন সাও পাওলো শহরে ব্রাজিলিয়ান চ্যারিটেবল ইউনিয়ন অব মুসলিম ইয়ুথ পরিদর্শনের সময় শেখ জিহাদ হামাদার সঙ্গে বৈঠক করেন বলে জানান। তিনি বলেন, শেখ জিহাদ হামাদা মুসলিম বিশ্বের ৫০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন।

 

আলি শাহিন জানান, শেখ হামাদা তাকে বলেছেন, রোবের্তো কার্লোস দীর্ঘদিন ধরে তাঁর সংস্পর্শে ছিলেন এবং চার সপ্তাহ আগে তাঁকে দেখতে যান। সেখানেই শাহাদা পাঠের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। শাহিন রোবের্তো কার্লোসকে শুভেচ্ছা জানিয়ে তাঁর ও তাঁর পরিবারের জন্য শান্তি, স্বাস্থ্য ও বরকতময় জীবনের কামনা করেন।

 

 

এই গুঞ্জন ছড়ানোর পেছনে আরও একটি কারণ রয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মরক্কোর নাগরিক সৌহাইলা এল তাহিরির সঙ্গে রোবের্তো কার্লোসের বিবাহ চুক্তি স্বাক্ষরের ছবি ভাইরাল হয়েছে। ফিফা-অনুমোদিত এজেন্ট সৌহাইলা এল তাহিরি ফুটবলারদের পেশাগত জীবন ও প্রকল্প পরিচালনায় কাজ করেন। জানুয়ারিতে তাঁদের সম্পর্কের খবর জানা গেলেও ২৫ জুলাই একটি সীমিত পরিসরের অনুষ্ঠানে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন, যেখানে উপস্থিত ছিলেন পারিবারিক সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা। পেশাগত সম্পর্ক থেকেই তাঁদের ব্যক্তিগত সম্পর্কের সূত্রপাত বলে জানা যায়।

 

এখনও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ নেই

 

তবে রোবের্তো কার্লোস নিজে এখনও ইসলাম গ্রহণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি। তাঁর কাছ থেকে কোনো বিবৃতি না আসায় এ খবর এখনও গুঞ্জন হিসেবে রয়ে গেছে। ফুটবল বিশ্বের অন্যতম সেরা ডিফেন্ডার রোবের্তো কার্লোস রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল জাতীয় দলের হয়ে ইতিহাস গড়েছেন। তাঁর ইসলাম গ্রহণের খবরটি সত্যি কিনা, তা নিশ্চিত করতে তাঁর নিজের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছে ভক্তরা।

 

The Continental Herald (TCH News) is committed to delivering accurate, timely, and trustworthy news. Stay connected with The Continental Herald for the latest updates from Bangladesh and around the world.

Share
Scroll to Top