হোম / আন্তর্জাতিক / ভারতের চেন্নাইয়ে বৈশ্বিক প্রযুক্তি কেন্দ্র খুলছে স্টারবাকস, হবে ৮০০ কর্মসংস্থান
starbucks-to-open-global-tech-centre-chennai-india-800-jobs

ভারতের চেন্নাইয়ে বৈশ্বিক প্রযুক্তি কেন্দ্র খুলছে স্টারবাকস, হবে ৮০০ কর্মসংস্থান

প্রযুক্তি ডেস্ক | TCH News
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬

 

ভারতে বড় পরিসরে প্রযুক্তি কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে মার্কিন কফি চেইন স্টারবাকস। দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর চেন্নাইয়ে একটি বৈশ্বিক সক্ষমতা কেন্দ্র বা গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার (GCC) স্থাপনের জন্য চুক্তি করেছে প্রতিষ্ঠানটি। নতুন এই কেন্দ্রে প্রায় ৮০০ প্রযুক্তি পেশাজীবীর কর্মসংস্থান হবে।

তামিলনাড়ু রাজ্য সরকারের বরাতে রয়টার্স জানিয়েছে, সোমবার স্টারবাকস নতুন কেন্দ্র স্থাপনের জন্য চুক্তি করেছে। তবে প্রকল্পটিতে প্রতিষ্ঠানটি কত অর্থ বিনিয়োগ করবে, তা প্রকাশ করা হয়নি।

ভারতে বর্তমানে প্রায় ৫০০টি কফিশপ পরিচালনা করছে স্টারবাকস। টাটা কনজ্যুমার প্রোডাক্টসের সঙ্গে যৌথ উদ্যোগের মাধ্যমে দেশটিতে ব্যবসা পরিচালনা করছে মার্কিন প্রতিষ্ঠানটি।

স্টারবাকসের প্রযুক্তি প্রধান আনন্দ ভারদারাজন জানিয়েছেন, চেন্নাইয়ে দক্ষ কর্মীর সহজলভ্যতা, তুলনামূলক কম কর্মী পরিবর্তনের হার এবং উন্নত অবকাঠামো প্রতিষ্ঠানটির কার্যক্রমে সহায়তা করবে।

চেন্নাই ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন বড় প্রতিষ্ঠানের প্রযুক্তি ও বৈশ্বিক সক্ষমতা কেন্দ্রের গুরুত্বপূর্ণ গন্তব্য হয়ে উঠেছে। সিটি, বার্কলেস ও আমেরিকান এক্সপ্রেসসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রযুক্তি কেন্দ্র রয়েছে শহরটিতে। তামিলনাড়ু সরকারের হিসাবে, ভারতের মোট GCC কেন্দ্রের প্রায় ১০ শতাংশই চেন্নাইয়ে অবস্থিত।

স্টারবাকসের এই উদ্যোগের কয়েক দিন আগেই মার্কিন ফার্মেসি চেইন ওয়ালগ্রিনস চেন্নাইয়ে একটি GCC স্থাপনের জন্য তামিলনাড়ু সরকারের সঙ্গে চুক্তি করেছে।

বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় GCC কেন্দ্র হিসেবে উঠে এসেছে ভারত। ২০২৬ সালের ন্যাসকম-জিনভ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, দেশটিতে ২ হাজার ১০০টির বেশি এ ধরনের কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে প্রায় ২৩ লাখ ৬০ হাজার মানুষ কাজ করছেন এবং এগুলো থেকে বছরে প্রায় ১০০ বিলিয়ন ডলার রাজস্ব তৈরি হচ্ছে।

একসময় কম খরচে বিভিন্ন প্রতিষ্ঠানের সহায়ক কাজ পরিচালনার জন্য এ ধরনের কেন্দ্র ব্যবহার করা হলেও এখন পরিস্থিতি বদলেছে। বর্তমানে সফটওয়্যার উন্নয়ন, অর্থ ব্যবস্থাপনা এবং গবেষণা ও উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ কাজও এসব কেন্দ্র থেকে পরিচালিত হচ্ছে।

 

হ্যাশট্যাগ:
#স্টারবাকস #ভারত #চেন্নাই #প্রযুক্তি #কর্মসংস্থান #তামিলনাড়ু #TCHNews
#Starbucks #India #Chennai #Technology #TechJobs #TamilNadu #GCC #TCHNews

Share
Scroll to Top