হোম / বাংলাদেশ / জাতীয় সংবাদ / তিস্তা নিয়ে ভারতের বন্ধুত্ব নষ্ট করতে চায় না বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী

তিস্তা নিয়ে ভারতের বন্ধুত্ব নষ্ট করতে চায় না বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী

তিস্তা প্রকল্পে দেশের স্বার্থই প্রধান, ভারতের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখতে চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী।

 

জাতীয় ডেস্ক | TCH News

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৬

 

তিস্তা নদীর পানি ব্যবস্থাপনা নিয়ে ভারতের সঙ্গে বন্ধুত্ব নষ্ট করতে চায় না বাংলাদেশ। তবে তিস্তা প্রকল্প বাস্তবায়নে দেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

 

সোমবার (১৭ আগস্ট) সকালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আয়োজিত ‘তিস্তা নদীর টেকসই ব্যবস্থাপনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

 

তিস্তা পাড়ের মানুষের প্রতিশ্রুতি বাস্তবায়ন

 

মন্ত্রী বলেন, তিস্তা পাড়ের মানুষের জন্য সরকারের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে বিএনপি। তিস্তা মহাপ্রকল্প নিয়ে ইতোমধ্যে বেশ কিছু সেমিনার করা হয়েছে। বাংলাদেশের ভৌগোলিক চ্যালেঞ্জ রয়েছে, তা অতিক্রম করেই সরকার কাজ করছে।

 

তিনি বলেন, তিস্তা প্রকল্পকে সরকার চ্যালেঞ্জিং মনে করছে। প্রকল্প বাস্তবায়ন করা না গেলে তিস্তা পাড়ের মানুষ আরও সমস্যার সম্মুখীন হবেন। নদীর গতিপ্রকৃতি অনুযায়ী এর নিয়ন্ত্রণ বাংলাদেশের বাইরে চলে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

 

ভারতের সঙ্গে সম্পর্ক

 

ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, ‘আমরা চাই না ভারতের সঙ্গে বন্ধুত্ব নষ্ট হোক। আমাদের স্বার্থে তারা নজর দেবেন।’ তিস্তা প্রকল্পে আগ্রহী বিদেশি দেশগুলোর টেকনিক্যাল সহায়তাও বাংলাদেশ সাদরে গ্রহণ করবে বলে জানান তিনি।

 

 

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, তিস্তা প্রকল্পের সমন্বিত সমাধান করা হবে। সরকারের সব পরিকল্পনা সুদূরপ্রসারী হবে এবং এ ক্ষেত্রে পানি বিশেষজ্ঞদের মতামতকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে।

 

আলোচনায় উৎস থেকে তিস্তা নদীর প্রবাহে গড়ে তোলা বিভিন্ন ড্যাম, ব্যারেজ ও বাঁধের কারণে নদীতে সৃষ্ট কৃত্রিম নাব্য সংকট এবং কৃষি ধ্বংসের বিষয়টি তুলে ধরেন আলোচকরা। যৌথ নদী কমিশনের মাধ্যমে সমন্বিত সমাধানের ওপর গুরুত্বারোপ করেন তারা।

 

 

আলোচনায় জানানো হয়, তিস্তা অববাহিকায় প্রায় সাড়ে সাত লাখ হেক্টর কৃষিজমির মধ্যে বর্তমানে মাত্র এক লাখ হেক্টর জমিতে পানি দেওয়া সম্ভব হচ্ছে। ফলে খাদ্যশস্য উৎপাদনে বড় ঘাটতি থেকে যাচ্ছে।

 

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, বিশেষ অতিথি হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। বুয়েটের শিক্ষক-শিক্ষার্থী, বিশেষজ্ঞ ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।

 

The Continental Herald (TCH News) is committed to delivering accurate, timely, and trustworthy news. Stay connected with The Continental Herald for the latest updates from Bangladesh and around the world.

Share
Scroll to Top