হোম / আন্তর্জাতিক / গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, চুক্তির দাবি ট্রাম্পের
trump-claims-us-denmark-greenland-permanent-security-control-deal

গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, চুক্তির দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক | TCH News
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬

গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও কৌশলগত প্রয়োজন নিয়ে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের মধ্যে একটি চুক্তি হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, এই সমঝোতার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি ও স্থায়ী ভূমিকা রাখবে।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, তাঁর নির্দেশে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। এর ফলে গ্রিনল্যান্ড এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তা রক্ষায় ওয়াশিংটন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সক্ষমতা স্থায়ীভাবে পাবে বলে তিনি দাবি করেন।

ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ কোনো দেশ গ্রিনল্যান্ডে সামরিক ঘাঁটি স্থাপন বা সামরিক উপস্থিতি তৈরি করতে পারবে না। এমনকি সংবেদনশীল খাতে বিনিয়োগের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের লিখিত অনুমোদন প্রয়োজন হবে বলে তাঁর দাবি।

চুক্তির আওতায় গ্রিনল্যান্ডের উপযুক্ত বিভিন্ন এলাকায় যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। দ্বীপটির কৌশলগত অবস্থানের কারণে দীর্ঘদিন ধরেই আর্কটিক অঞ্চলে সামরিক ও নিরাপত্তা কার্যক্রম জোরদারে আগ্রহ দেখিয়ে আসছে ওয়াশিংটন।

তবে এই সমঝোতা গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অধীনে দেওয়ার কোনো চুক্তি নয়। এর আগে রয়টার্স জানিয়েছিল, আলোচনায় যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ানোর বিষয়টি থাকলেও তা ট্রাম্পের গ্রিনল্যান্ড অধিগ্রহণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা থেকে অনেকটাই ভিন্ন। আলোচনায় মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘গোল্ডেন ডোম’-এর জন্য গ্রিনল্যান্ডের ভূখণ্ড ব্যবহারের বিষয়টিও ছিল।

গ্রিনল্যান্ড ডেনমার্কের রাজ্যের অন্তর্ভুক্ত একটি স্বশাসিত অঞ্চল। এর আগে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের নেতৃত্ব দ্বীপটির সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখার বিষয়ে দৃঢ় অবস্থান জানিয়েছিল।

#গ্রিনল্যান্ড #যুক্তরাষ্ট্র #ডেনমার্ক #ডোনাল্ডট্রাম্প #আর্কটিক #বিশ্বরাজনীতি #TCHNews
#Greenland #UnitedStates #Denmark #DonaldTrump #Arctic #WorldNews #TCHNew

Share
Scroll to Top