আন্তর্জাতিক ডেস্ক | TCH News
প্রকাশিত: ২২ আগস্ট ২০২৬
পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’তে বাংলাদেশের যোগদানের সম্ভাবনা নিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করছে ভারত। শুক্রবার (২১ আগস্ট) নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন মুখপাত্র রণধীর জয়সোয়াল।
ভারতীয় সংবাদমাধ্যম এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জয়সোয়াল বলেন, পশ্চিম এশিয়ার চলমান পরিস্থিতির ওপর তারা নিবিড় নজর রাখছেন। তবে এই বিশেষ চুক্তির বিষয়টি ভারতের জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক শান্তি-স্থিতিশীলতার ওপর কী প্রভাব ফেলতে পারে, তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিশ্লেষণ করা হচ্ছে।
‘প্রয়োজনীয় পদক্ষেপ নেবে ভারত’
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও জানান, জাতীয় স্বার্থ রক্ষায় ভারত সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ এবং এই লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি স্পষ্ট করে বলেন, এই মুহূর্তে এ বিষয়ে আর কিছু বলার নেই, তবে সবকিছুই নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।
এর আগে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির এক সাক্ষাৎকারে এ চুক্তিতে যুক্ত হওয়ার আগ্রহের কথা ব্যক্ত করেন। তার সেই বক্তব্যের পরই ভারতের পক্ষ থেকে এই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এলো
একই ব্রিফিংয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়েও প্রশ্ন তোলেন সাংবাদিকরা। জবাবে জয়সোয়াল জানান, এই মুহূর্তে এ বিষয়ে নতুন কোনো তথ্য নেই। সফরের সময়সূচি চূড়ান্ত হলে তা গণমাধ্যমকে জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।
গঙ্গা পানি বণ্টন চুক্তি নিয়ে আলোচনা চলছে
এছাড়া ১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছরের গঙ্গা পানি বণ্টন চুক্তি নিয়েও কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বলেন, চুক্তির বিভিন্ন দিক নিয়ে যৌথ নদী কমিশনের মাধ্যমে কারিগরি পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে। উল্লেখ্য, এই চুক্তির মেয়াদ চলতি বছরের ডিসেম্বরে শেষ হচ্ছে, যা চুক্তিটি পর্যালোচনার প্রসঙ্গ সামনে এনেছে।
The Continental Herald (TCH News) is committed to delivering accurate, timely, and trustworthy news. Stay connected with The Continental Herald for the latest updates from Bangladesh and around the world.