নোয়াখালীতে নবজাতককে পানিতে চুবিয়ে হত্যা, মা আটক
জাতীয় ডেস্ক | TCH News
প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২৬
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ১৪ দিন বয়সী এক নবজাতককে প্লাস্টিকের ড্রামের পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর মায়ের বিরুদ্ধে। পুলিশ ঘটনার পরপরই নবজাতকের মা ফাতেমা বেগমকে (১৯) আটক করেছে।
সোমবার (১৭ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মজুমদারহাট এলাকা থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশুটি ওই এলাকার সৌরভ হোসেনের ছেলে। ফাতেমা বেগম উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের শরীফ উল্যার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের নভেম্বরে সৌরভের সঙ্গে ফাতেমার বিবাহ হয়। গত ৪ আগস্ট তিনি একটি পুত্রসন্তানের জন্ম দেন। সোমবার সন্ধ্যার পর থেকে শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা শিশুটির বিষয়ে ফাতেমার কাছে জানতে চাইলে তিনি প্রথমে দাবি করেন, মাথায় আঘাত করে কেউ শিশুটিকে নিয়ে গেছে। পরে বলেন, জিন বা আত্মা শিশুটিকে নিয়ে গেছে।
ফাতেমার অসংলগ্ন কথাবার্তায় সন্দেহ হলে পরিবারের সদস্যরা বাড়িতে তল্লাশি শুরু করেন। একপর্যায়ে বাড়িতে বৃষ্টির পানি সংরক্ষণের রাখা একটি প্লাস্টিকের ড্রামের পানিতে নবজাতকের মরদেহ দেখতে পান তারা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, ফাতেমা বেগম তার সন্তানকে ড্রামের পানিতে চুবিয়ে হত্যার কথা স্বীকার করেছেন। পুলিশের কাছে তিনি দাবি করেন, নবজাতকটি সারাদিন কান্নাকাটি করত এবং ফলে তিনি ঘুমাতে পারতেন না, তাই তিনি এ ঘটনা ঘটান।
এলাকায় শোকের ছায়া
স্থানীয় বাসিন্দা আরিফ বলেন, মাত্র ১৪ দিনের একটি শিশুর এভাবে মৃত্যু মেনে নেওয়া খুবই কষ্টের। শিশুটিকে ড্রামের পানিতে পাওয়ার পর পুরো এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, নবজাতককে পানিতে ফেলে হত্যার অভিযোগে তার মাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ওই নবজাতকের পরিবারকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।
The Continental Herald (TCH News) is committed to deliveringy news.nental Herald for the latest updates from Bangladesh and around the world.