দ্য কনটিনেন্টাল হেরাল্ড আন্তর্জাতিক ডেস্ক | ১৮ জুন ২০২৫
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, ইসরায়েলের সন্ত্রাসী হামলার বিরুদ্ধে ইরানের আত্মরক্ষামূলক প্রতিক্রিয়া একেবারে ন্যায়সঙ্গত। তিনি ইসরায়েলের হামলাকে “রাষ্ট্রীয় সন্ত্রাস” হিসেবে আখ্যা দিয়েছেন এবং বলেন, ইরান আন্তর্জাতিক আইন অনুযায়ী আত্মরক্ষা করছে।
এরদোয়ান বলেন,
“ইসরায়েলের এই বর্বরোচিত আক্রমণগুলো এমন এক সময়ে সংগঠিত হয়েছে যখন ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার প্রক্রিয়া চলছিল। তারা আলোচনা শেষ না হতেই জঘন্য হামলা চালিয়ে মানবতা লঙ্ঘন করেছে।”
তিনি আরও বলেন,
“একটি রাষ্ট্র হিসেবে ইসরায়েলের পারমাণবিক অস্ত্র আছে, কিন্তু তারা কোনো আন্তর্জাতিক আইন বা চুক্তিকে মানে না। এর মাধ্যমে তারা পুরো বিশ্ববাসীকে উপহাস করেছে।”
বেসামরিকদের উপর হামলা:
এরদোয়ান তার বিবৃতিতে উল্লেখ করেন যে, ইসরায়েলের সাম্প্রতিক হামলাগুলোতে শত শত সাধারণ মানুষ নিহত হয়েছে, হাসপাতাল, সংবাদমাধ্যমের অফিস এবং আবাসিক ভবনগুলোকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে।
তুরস্কের অবস্থান:
এই বিবৃতির মাধ্যমে তুরস্ক স্পষ্টভাবে ইসরায়েলের নিন্দা এবং ইরানের প্রতি সমর্থনের ঘোষণা দিল। মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ এই প্রেক্ষাপটে এরদোয়ানের এমন বক্তব্য আন্তর্জাতিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে ধারণা বিশ্লেষকদের।