আন্তর্জাতিক ডেস্ক | TCH News
প্রকাশিত: ২৮ জুলাই ২০২৬
জাপানের দক্ষিণাঞ্চলীয় কিউশু দ্বীপে ৭ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে আঘাত হানা এ ভূমিকম্পের কেন্দ্র ছিল কুমামোতো প্রিফেকচার। কম্পনের পরপরই উপকূলীয় এলাকাগুলোর জন্য সুনামি সতর্কতা জারি করে দেশটির আবহাওয়া সংস্থা।
ভূমিকম্পে কুমামোতোসহ আশপাশের একাধিক এলাকায় ভবন, সড়ক ও সেতুর ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। কয়েক হাজার বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় এবং ট্রেন ও কিছু বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়। বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেছে।
জাপান সরকার জানায়, ভূমিকম্পে বহু মানুষ আহত হয়েছেন এবং ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র জানতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রায় তিন লাখ মানুষের বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উদ্ধার অভিযানে প্রায় ৩ হাজার ৬০০ সেনাসদস্য মোতায়েন করা হয়েছে।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ক্ষতিগ্রস্ত এলাকাবাসীকে সম্ভাব্য শক্তিশালী আফটারশকের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। সরকার দ্রুত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং জরুরি সহায়তা নিশ্চিত করতে কাজ করছে।
এদিকে ভূমিকম্পের পর জারি করা সুনামি সতর্কতা কয়েক ঘণ্টা পর প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে স্থানীয় পারমাণবিক স্থাপনাগুলোতে কোনো অস্বাভাবিকতা পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
জাপান বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি। প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায় দেশটিতে প্রায়ই শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।
#হ্যাশট্যাগ
#জাপান #ভূমিকম্প #কিউশু #কুমামোতো #সুনামি #দুর্যোগ #TCHNews