হবিগঞ্জে বিএনপি ও এনসিপির সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা
রাজনীতি ডেস্ক | TCH News
প্রকাশিত: ২৯ জুলাই ২০২৬
হবিগঞ্জ পৌর এলাকায় বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। দল দুটির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজ এই নিষেধাজ্ঞা আদেশ দেন। পৌর এলাকায় এখন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, জনসভা, মিছিল ও মাইকিং সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, আজ হবিগঞ্জ পৌর এলাকায় বিক্ষোভ সমাবেশ ও পথসভা ডেকেছে এনসিপি। অন্যদিকে, হবিগঞ্জ সদর উপজেলা ও পৌর বিএনপি এবং জেলা ছাত্রদল একই সময়ে একই স্থানে পাল্টা প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচির ঘোষণা দেয়।
প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, উভয় কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে দুই পক্ষের মধ্যে যেকোনো সময় সংঘর্ষ বাধতে পারে। এতে জনসাধারণের জানমালের ক্ষয়ক্ষতি ও শান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
জারি করা আদেশে আরও উল্লেখ করা হয়েছে, পৌর এলাকায় স্বাভাবিক আইনশৃঙ্খলা বজায় রাখতে জরুরি ভিত্তিতে এই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। জনস্বার্থেই এই সিদ্ধান্ত বলেও জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
নিষেধাজ্ঞার আওতায় সমাবেশ, মিছিল, স্লোগান, পিকেটিং এবং যেকোনো ধরনের বিকট শব্দ বা আইনশৃঙ্খলা বিঘ্নকারী কার্যকলাপ বন্ধ রাখতে বলা হয়েছে।
The Continental Herald (TCH News) is committed to delivering accurate, timely, and trustworthy news. Stay connected with The Continental Herald for the latest updates from Bangladesh and around the world.