ঐতিহাসিক ৫ আগস্ট: শেখ হাসিনার পতন আর গণঅভ্যুত্থানের বিজয়গাঁথা
জাতীয় ডেস্ক | TCH News
প্রকাশিত: ৫ আগস্ট ২০২৬
আজ ঐতিহাসিক ৩৬ জুলাই, যা ৫ আগস্ট নামে পরিচিত। ২০২৪ সালের এই দিনে পতন ঘটে শেখ হাসিনার ১৭ বছরের ফ্যাসিস্ট শাসনামলের। একদিন আগে ঘোষিত ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে রাজধানী জনসমুদ্রে পরিণত হয়েছিল। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান। গণভবন ও সংসদ ভবন উল্লাসিত জনতায় পূর্ণ হয়।
২৪ ঘণ্টার পটভূমি
৫ আগস্ট সোমবার, ২০২৪—ইতিহাসের সন্ধিক্ষণে বাংলাদেশ। আগের দিনের ঘোষণা ছিল সরকার পতনের শেষ পেরেক। গণহত্যার বিপরীতে আপামর জনতার লংমার্চ ছিল আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মতো বিস্ফোরণের অপেক্ষায়।
ঢাকার প্রবেশপথগুলোতে ভোরের আলো ফোটার আগেই পুলিশ, র্যাব আর সেনাবাহিনীর কঠোর অবস্থান ছিল। কাটাতার, মারণাস্ত্র আর সাজোয়া যানের উপস্থিতি জানান দিচ্ছিল নড়ে যাওয়া গদি রক্ষায় নির্মমতায় শেষ পর্যায়ে নামতে প্রস্তুত তৎকালীন সরকার।
সকালের ঘটনাপ্রবাহ
সকাল ৭টা পর্যন্ত আন্দোলনের তিন হটস্পট—যাত্রাবাড়ি, উত্তরা ও রামপুরায়—আইনশৃঙ্খলাবাহিনী ছাড়া তেমন কেউ ছিল না। উদ্বেগ ও শঙ্কার সংমিশ্রণে গুমোট ছিল রাজপথ। কেন্দ্রীয় শহিদ মিনার এলাকাসহ চাঁনখারপুল ও নিমতলীতে জড়ো হওয়ার চেষ্টা করতে থাকে ছাত্র-জনতা।
সকাল ১০টার পর থেকে পরিস্থিতি খারাপ হতে থাকে। গুলি আর টিয়ারশেলে নির্মম প্রতিরোধের চেষ্টা চালায় পুলিশ। এদিন নিরাপত্তাবাহিনীর গুলিতে চাঁনখারপুলেই প্রাণ হারায় শহিদ আনাসসহ আরও ৬ জন।
মধ্যদুপুরে জনসমুদ্র
একই সময়ে রামপুরা, উত্তরা আর যাত্রাবাড়ির অলিগলিতে ভিড় বাড়তে থাকে। মধ্যদুপুরের মধ্যে জনতা রূপ নেয় জনসমুদ্রে। কারফিউ ভেঙে, নিরাপত্তা বাহিনীর রক্তচক্ষু উপেক্ষা করে সারা দেশ থেকে রাজধানীতে প্রবেশ করতে থাকে মুক্তিকামী জনতা। জনসমুদ্রের ঢেউয়ে ভেঙে পড়তে থাকে একের পর এক নিরাপত্তা বেষ্টনী।
শেখ হাসিনার পলায়ন
পরিস্থিতি বেগতিক দেখে গণভবন ছাড়ার প্রস্তুতি নেন শেখ হাসিনা। দেশের জনগণের ওপর সেনাবাহিনীর গুলি ছুঁড়তে অপারগতা উপসংহার টেনে দেয় ১৭ বছরের এক বন্দিশালার। দুপুর ২টার মধ্যে খবর আসে—হেলিকপ্টারে করে পালিয়েছেন শেখ হাসিনা। এমন খবরে বিজয় উল্লাস করে গণভবন ও সংসদ ভবনমুখী হয় ছাত্র-জনতা।
সেনাপ্রধানের ভাষণ
বিকেল পৌনে চারটার কিছু পরে শেখ হাসিনার পদত্যাগের খবর নিশ্চিত করেন সেনাপ্রধান। তিনি দেশে একটি অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দেন এবং প্রতিটি হত্যাকাণ্ড ও অন্যায়ের সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দেন।
সমন্বয়কদের সংবাদ সম্মেলন
ঐতিহাসিক এ দিনের শেষ হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বহুল প্রতীক্ষিত সংবাদ সম্মেলনের মাধ্যমে। ৫ আগস্ট রাত ৯টায় রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেল আই ভবনে এই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম ঘোষণা দেন, পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে একটি অন্তর্বর্তী জাতীয় সরকারের পূর্ণাঙ্গ রূপরেখা পেশ করা হবে।
এর ৩ দিন পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনুসকে প্রধান করে ১৪ জন উপদেষ্টা নিয়ে গঠিত হয় অন্তর্বর্তী সরকার।
The Continental Herald (TCH News) is committed to delivering accurate, timely, and trustworthy news. Stay connected with The Continental Herald for the latest updates from Bangladesh and around the world.