হোম / বাংলাদেশ / জাতীয় সংবাদ / মেহেরপুরে বৃদ্ধকে বিএসএফের নিয়ে যাওয়ার প্রতিবাদে ২ ভারতীয়কে আটক করলেন স্থানীয়রা

মেহেরপুরে বৃদ্ধকে বিএসএফের নিয়ে যাওয়ার প্রতিবাদে ২ ভারতীয়কে আটক করলেন স্থানীয়রা

মেহেরপুর সীমান্তে বাংলাদেশি বৃদ্ধকে বিএসএফের আটকের প্রতিক্রিয়ায় আটক ২ ভারতীয়।

 

জাতীয় ডেস্ক | TCH News

প্রকাশিত: ১১ আগস্ট ২০২৬

 

মেহেরপুর সীমান্তে আব্দুল মান্নান (৭০) নামে এক বৃদ্ধকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর কিছুক্ষণ পরই সীমান্তের এপারে কাজ করা দুই ভারতীয় নাগরিককে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেছেন স্থানীয় বাসিন্দারা।

 

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে সদর উপজেলার ইছাখালী সীমান্তে এ ঘটনা ঘটে।

 

বিএসএফের হাতে আটক আব্দুল মান্নান

 

বিএসএফের হাতে আটক আব্দুল মান্নান ইছাখালী মসজিদপাড়ার মৃত নুর বক্সের ছেলে। তার নাতি ইব্রাহিম জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে তাদের বাড়ির পাশে মরিচের জমিতে কীটনাশক দিতে যান তার দাদা। এ সময় ১২৪/৪-এস সীমান্ত পিলার এলাকার কাছ থেকে বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।

 

স্থানীয়দের পাল্টা ব্যবস্থা

 

আব্দুল মান্নানকে ধরে নিয়ে যাওয়ার খবর পেয়ে কিছুক্ষণ পর ১২৩/৩-এস সীমান্ত পিলার এলাকা থেকে ভারতের লালবাজার গ্রামের দুই নাগরিককে ধরে আনেন বাংলাদেশের সীমান্তবর্তী গ্রামের লোকজন। পরে তাদের ইছাখালী বিজিবি ক্যাম্পে সোপর্দ করা হয়।

 

আটক ভারতীয়রা হলেন—নদীয়া জেলার তেহট্টা থানার লালবাজার গ্রামের মৃত মনমোহন দাসের ছেলে শচীন দাস (৬৫) ও একই এলাকার কুঞ্জ বিশ্বাসের ছেলে নরতন বিশ্বাস (৩৫)।

 

বিজিবি সূত্রে জানা গেছে, বাংলাদেশি ওই কৃষক সীমান্তের নো-ম্যান্স ল্যান্ড সংলগ্ন ভারতীয় জমিতে কাজ করছিলেন। এ সময় বিএসএফ তাঁকে আটক করে নিয়ে যায়। এরপর স্থানীয়রা সীমান্তে থাকা দুই ভারতীয়কে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেন।

 

পতাকা বৈঠকের উদ্যোগ

 

ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় কিছুটা উত্তেজনা তৈরি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আটক ব্যক্তিদের হস্তান্তরের বিষয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে।

 

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, ভারতীয় কৃষিজমিতে কাজ করার সময় একজনকে বিএসএফ ধরে নিয়ে গেছে। এর পর বাংলাদেশের পক্ষ থেকে দুইজন ভারতীয়কে আটক করা হয়েছে। অতি দ্রুত পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হবে।

 

The Continental Herald (TCH News) is committed to delivering accurate, timely, and trustworthy news. Stay connected with The Continental Herald for the latest updates from Bangladesh and around the world.

Share
Scroll to Top