হোম / বাংলাদেশ / জাতীয় সংবাদ / বিরোধীদল শেখ হাসিনার ভাষায় কথা বলা শুরু করেছে: মির্জা ফখরুল

বিরোধীদল শেখ হাসিনার ভাষায় কথা বলা শুরু করেছে: মির্জা ফখরুল

রাজনীতি ডেস্ক | TCH News
প্রকাশিত: ৯ আগস্ট ২০২৬

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের বিরোধীদল এখন শেখ হাসিনার ভাষায় কথা বলা শুরু করেছে এবং সরকারের বিভিন্ন উদ্যোগে বাধা দেওয়ার চেষ্টা করছে। বিরোধীদলের বক্তব্য ও কর্মকাণ্ড গণতন্ত্রকে বাধাগ্রস্ত করছে বলেও অভিযোগ করেন তিনি।

রোববার রংপুর শিল্পকলা একাডেমিতে সুবিধাবঞ্চিত মানুষের জন্য আয়োজিত এক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সরকারকে একাধিক সংকট মোকাবিলা করতে হচ্ছে। বিশেষ করে গ্যাস সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, বিগত সরকার দেশের একমাত্র গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠানটিকেও ক্ষতিগ্রস্ত করে গেছে। তবে সব সংকট মোকাবিলা করে দ্রুত গ্যাস পরিস্থিতির উন্নতি করা হবে বলে আশ্বাস দেন তিনি।

বিরোধীদলের সমালোচনা করে মন্ত্রী বলেন, তারা সব সমস্যার তাৎক্ষণিক সমাধান চাইছে। কিন্তু দীর্ঘদিনের সংকট কাটিয়ে উঠতে সরকারকে প্রয়োজনীয় সময় দিতে হবে।

তিনি অভিযোগ করেন, বিগত সরকারের সময়ে লাখ লাখ মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে এবং গুম, খুন ও নির্যাতনের ঘটনা ঘটেছে। ২০২৪ সালের জুলাই আন্দোলন প্রসঙ্গে তিনি দাবি করেন, ওই সময়ে ছাত্র, নারী ও শিশুসহ প্রায় ৪ হাজার মানুষ নিহত হয়েছেন। এছাড়া গত ১৭ বছরে বিপুলসংখ্যক মানুষ মামলা, গুম ও হত্যার শিকার হয়েছেন।

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের অর্থনৈতিক প্রভাবের কথাও তুলে ধরেন মির্জা ফখরুল। তার দাবি, এ যুদ্ধের কারণে বাংলাদেশের প্রায় ৪ বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়েছে। এই ক্ষতি কাটিয়ে অর্থনীতিকে ঘুরে দাঁড় করাতে কিছুটা সময় লাগবে বলে জানান তিনি।

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমদানিনির্ভরতার কারণে কিছু পণ্যের দাম বেড়েছে। সরকার পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে।

গণমাধ্যমের স্বাধীনতার প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে সাংবাদিকরা স্বাধীনভাবে কথা বলতে বা লিখতে পারতেন না। বর্তমানে সাংবাদিকরা স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারছেন বলে মন্তব্য করেন তিনি।

উত্তরাঞ্চলের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী উত্তরাঞ্চলকে কৃষিভিত্তিক শিল্পাঞ্চল হিসেবে গড়ে তুলতে চান। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে লাভ শেয়ার বিডির নিজস্ব অর্থায়নে ‘সুবিধাবঞ্চিতদের স্বাবলম্বীকরণ প্রকল্প’ উদ্বোধন করা হয়। একই সঙ্গে ২৫ জন সুবিধাবঞ্চিত ব্যক্তির কাছে ২৫টি ঘর হস্তান্তর করা হয়।

লাভ শেয়ার বিডির চেয়ারম্যান জাহিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শামসুজ্জামান সামু, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রেজেকা সুলতানা ফেন্সি, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম এবং রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

হ্যাশট্যাগ:
#মির্জাফখরুল #বিরোধীদল #রাজনীতি #রংপুর #গ্যাসসংকট #জুলাইআন্দোলন #বাংলাদেশ #টিসিএইচনিউজ
#MirzaFakhrul #Opposition #BangladeshPolitics #Rangpur #GasCrisis #Bangladesh #TCHNews

Share
Scroll to Top