হোম / আন্তর্জাতিক / ড্রোন হামলার পর গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ করল সৌদি আরব
saudi-arabia-shuts-east-west-oil-pipeline-houthi-red-sea-tensions-2026

ড্রোন হামলার পর গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ করল সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক | TCH News
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬

ড্রোন হামলার পর গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে সৌদি আরব। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে এই পাইপলাইন ব্যবহার করেই হরমুজ প্রণালি এড়িয়ে বিপুল পরিমাণ তেল লোহিত সাগরের দিকে পাঠাচ্ছিল দেশটি।

সৌদি আরব ও ইরাকের কর্তৃপক্ষ জানিয়েছে, পাইপলাইনে হামলাকারী ড্রোনটি ইরাকের দিক থেকে এসেছিল। সেখানে ইরান-সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী সক্রিয় রয়েছে। হামলার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাইপলাইনটি বন্ধ করে দেয় সৌদি জ্বালানি মন্ত্রণালয়।

প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইনটি সৌদি আরবের পূর্বাঞ্চলের তেলক্ষেত্রগুলোকে লোহিত সাগরের উপকূলের সঙ্গে যুক্ত করেছে। সাম্প্রতিক মাসগুলোতে প্রতিদিন প্রায় ৪০ থেকে ৫০ লাখ ব্যারেল তেল এই পাইপলাইন দিয়ে পরিবহন করা হচ্ছিল। এই পরিমাণ বিশ্বব্যাপী তেল সরবরাহের প্রায় ৪ থেকে ৫ শতাংশের সমান।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে যাওয়ায় সৌদি আরবের জন্য পূর্ব-পশ্চিম পাইপলাইনের গুরুত্ব আরও বেড়েছিল। ফলে নতুন হামলা দেশটির তেল রপ্তানিতে আরেকটি বড় চাপ তৈরি করেছে।

এদিকে লোহিত সাগরেও পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। ইরান-সমর্থিত ইয়েমেনের হুথিরা বাব আল-মান্দেব প্রণালির কৌশলগত পেরিম দ্বীপে পৌঁছেছে। এর আগে তারা ইয়েমেনের লোহিত সাগর উপকূলের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা দখল করে।

বাব আল-মান্দেব বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। হুথিদের অবস্থান শক্তিশালী হওয়ায় এই পথ দিয়ে তেল ও অন্যান্য পণ্য পরিবহনের নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে।

একদিকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বাধাগ্রস্ত, অন্যদিকে বাব আল-মান্দেবে হুথিদের প্রভাব বৃদ্ধি এবং এখন সৌদি আরবের গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববাজারে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবে ইতোমধ্যে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে রয়েছে। জ্বালানি সরবরাহে দীর্ঘমেয়াদি বিঘ্ন ঘটলে তেলের দাম ও পরিবহন ব্যয় আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Share
Scroll to Top